হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের বিশ্ব রেকর্ড ভাঙার অপেক্ষা আরও বাড়ল জার্মানির, আর্জেন্টিনা কোথায়

ক্রীড়া ডেস্ক    

২৪৬ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে ব্রাজিল। ছবি: এএফপি

এবারের বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির ম্যাচ একই দিনে হওয়া এক রকম নিয়মে পরিণত হয়েছিল। কখনোবা ব্রাজিল খেলেছিল আগে, কখনোবা জার্মানি আগে। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট—সব জায়গাতেই ঘটেছিল এক ঘটনা। দুই দলের মধ্যে গোলের প্রতিযোগিতা দারুণ জমে উঠেছিল। কিন্তু আপাতত এই প্রতিযোগিতা থেমে গেল শেষ বত্রিশেই। ব্রাজিলের রেকর্ড ভাঙার অপেক্ষাটা জার্মানদের জন্য আরও একটু দীর্ঘায়িত হলো।

হিউস্টনে ব্রাজিল গতকাল পিছিয়ে পড়েও জাপানের বিপক্ষে ২-১ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কেটেছে। তাতে বিশ্বকাপে ব্রাজিলের গোলসংখ্যা হয়ে গেল ২৪৬। জার্মানির রেকর্ডটা নিজের করে নিতে দরকার ছিল ৫ গোল। কুরাসাওয়ের জালে ৭ গোল দিলেও সব প্রতিপক্ষের বিপক্ষে এমন গোলবন্যার সুযোগ তো ঘটে না। তবে প্যারাগুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে শেষ ষোলোতে উঠতে পারলে রেকর্ডটা আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল জার্মানির কাছে। কিন্তু বোস্টনে পেনাল্টি শুটআউটে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে প্যারাগুয়ে উঠে গেল শেষ ষোলোতে।

প্যারাগুয়ের কাছে অঘটনের শিকার হওয়ার আগে জার্মানি মূল ম্যাচে করেছিল ১ গোল। তাতে বিশ্বকাপে জার্মানদের গোলসংখ্যা হলো ২৪৩। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে অবস্থান করছে আর্জেন্টিনা। তবে ব্রাজিল-জার্মানির মধ্যে গোলের লড়াইটা যেভাবে জমে উঠেছে, আর্জেন্টিনা তাদের চেয়ে অনেক দূরে। বিশ্বকাপে আর্জেন্টিনার গোল এখন ১৬০।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় আর্জেন্টিনার কাছাকাছি অবস্থান করছে ফ্রান্স। যদিও ফরাসিরা এখনো ১৪ গোল পিছিয়ে। চারে থাকা ফ্রান্স বিশ্বকাপে করেছে ১৪৬ গোল। যার মধ্যে এবারই তারা করেছে ১০ গোল। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে দুজনেই চারটি করে গোল করেছেন।

গোলের হিসেবে ফ্রান্সের পরে যে দল রয়েছে, তাদের নামটা শুনলে ভক্ত-সমর্থকদের হৃদয় ভেঙে যাওয়ারই কথা। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচে অবস্থান করা ইতালির গোল ১২৮। দলটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু এটা কেবলই ইতিহাস। ২০০৬ বিশ্বকাপ জয়ের পরের গল্পটা শুধুই হতাশার। ২০১০ ও ২০১৪ সালে তাদের বিদায়ঘণ্টা বেজে গেছে গ্রুপ পর্বে। দুইবার গ্রুপপর্বে বিদায় হওয়ার পর ২০১৮, ২০২২, ২০২৬—এই তিন বিশ্বকাপে ইতালিয়ানরা জায়গা করে নিতে পারেনি। মাঝে ২০২১ ইউরো জয়টাই তাদের জন্য হয়ে রইল সান্ত্বনা।

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানি এখনো শীর্ষে। তারা করেছে ১১ গোল। যৌথভাবে শীর্ষে থাকা নেদারল্যান্ডসের গোল ১১। তবে নেদারল্যান্ডস-জার্মানি দুই দলেরই বিদায়ঘণ্টা বেজে গেছে শেষ বত্রিশ পর্বেই। আজ সকালে উত্তেজনায় ঠাসা ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে মরক্কো উঠে গেছে শেষ ষোলোতে।

সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিল-জার্মানির কাছাকাছি যেতে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে অনেক লম্বা পথ। যদিও আর্জেন্টিনার নকআউট পর্ব এখনো শুরু হয়নি। ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। টানা কয়েক বিশ্বকাপের ফাইনাল খেলার পাশাপাশি গোলের বন্যা বইয়ে দিতে পারলেই কেবল ব্রাজিল-জার্মানির কাছাকাছি পৌঁছানো সম্ভব আর্জেন্টিনার।

একটা রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছাকাছি রয়েছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা করেছে ৯ ও ৮ গোল। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৬ গোল করে রেকর্ড বই তছনছ করে দিচ্ছেন। কম যাচ্ছেন না ভিনিসিয়ুস জুনিয়রও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবারের বিশ্বকাপে করেছেন ৪ গোল। ব্রাজিল গত রাতে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে। আজ রাতে আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে।

বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ গোলদাতা (দলের হিসেবে) (৩০ জুন নেদারল্যান্ডস-মরক্কো শেষ বত্রিশের ম্যাচ পর্যন্ত) অবস্থান দল গোল ১ ব্রাজিল ২৪৬ ২ জার্মানি ২৪৩ ৩ আর্জেন্টিনা ১৬০ ৪ ফ্রান্স ১৪৬ ৫ ইতালি ১২৮

‘গোলমেশিন’ দুই দলকেই যখন আর দেখা যাবে না বিশ্বকাপে

জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর প্যারাগুয়েতে ছুটি ঘোষণা

‘ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে অনেক ভালোবাসে’

উত্তেজনায় ঠাসা ম্যাচে ডাচদের কাঁদিয়ে শেষ ষোলোতে মরক্কো

জার্মানির বিদায়ের পর ব্রাজিলে উল্লাস

এমবাপ্পের মধ্যে নিজেকে খুঁজে পান রোনালদো

আমি এমন মানুষ নই যে পালিয়ে যাব: জার্মান কোচ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

ব্রাজিল হারবে বলে ভবিষ্যদ্বাণী করা সেই জার্মান গুরুকে নেইমারের খোঁচা

এমবাপ্পেদের এই ফ্রান্সের সঙ্গে কি পারবে সুইডেন