হোম > খেলা > ফুটবল

স্কালোনির অনুশীলনে লিওনেল মেসি কোথায়

রানা আব্বাস, কানসাস থেকে

সতীর্থদের সঙ্গে আড্ডায় লিওনেল মেসি। ছবি: এএফপি

আর্জেন্টিনা দলের যেকোনো কার্যক্রমে সবার আগে যাঁকে খোঁজা হয়, তিনি লিওনেল মেসি। আজ কানসাসের ট্রেনিং সেন্টারেও যথারীতি সংবাদমাধ্যমের চোখ খুঁজছিল মেসিকেই। স্থানীয় সময় বিকেল ৬টায় দলের অনুশীলনে অধিকাংশকেই দেখা গেল। কিন্তু মেসি কোথায়?

কোচ লিওনেল স্কালোনির সব পরিকল্পনাই আবর্তিত হয় মেসিকে ঘিরে। এমনকি সতীর্থরাও মেসির জন্য নিবেদিত প্রাণ। তবে সেমিফাইনাল ম্যাচের আগে কানসাসের অনুশীলনে আর্জেন্টিনার প্রাণভোমরাকে দেখা যায়নি।

শুধু মেসিই নন, যাঁরা সবশেষ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে ছিলেন, তাঁদের বেশির ভাগ অনুপস্থিত ছিলেন। লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এনসো ফার্নান্দেসের মতো তারকারা আসেননি অনুশীলনে। যদিও এমিলিয়ানো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দিদের দেখা গেছে অনুশীলনে। হয় মেসি বিশ্রামে ছিলেন, নয়তো ১৫ মিনিটের উন্মুক্ত অনুশীলনে সাংবাদিকদের মেসি এড়িয়ে গেছেন। মেসি যদি এড়িয়েও যান বাকিদের তো এড়িয়ে যাওয়ার খুব একটা দরকার নেই।

কানসাসের আজকের অনুশীলনে দেখা যায়নি মেসিকে। ছবি: রানা আব্বাস

আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান—গ্রুপ পর্বের এই তিন ম্যাচ আর্জেন্টিনা জিতেছে হেসেখেলে। তবে নকআউট পর্ব থেকেই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের হৃৎস্পন্দনের পরীক্ষা নিয়ে জিতে চলেছে স্কালোনির দল। এমনকি নবাগত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে জিতেছে ৩-২ গোলে। মিসরের বিপক্ষে শেষ ষোলোতেও আর্জেন্টিনার জয়ের ব্যবধান একই। তবে এবার জয়টা লিওনেল মেসি-লিসান্দ্রো মার্তিনেসরা পেয়েছেন খাদের কিনারা থেকে। আর্জেন্টিনা-মিসরের ম্যাচকে ‘ম্যাচ অব দ্য টুর্নামেন্ট’ বললেও যেন কম বলা হয়। আর গতকাল কানসাসে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের স্কোরলাইন ৩-১ দেখে সহজ জয় মনে হলেও এই ম্যাচ মেসিদের জিততে হয়েছে অতিরিক্ত সময়ে গিয়ে।

সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা প্রথম ১৫ মিনিটে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে। তবে পরে তিনি মাঠে যোগ দেন। তার আগে রদ্রিগো দে পল, নাহুয়েল মোলিনা, লিয়ান্দ্রো পারেদেস, হুলিয়ান আলভারেস ও এনসো ফার্নান্দেসসহ ঘনিষ্ঠ সতীর্থদের সঙ্গে গল্প-আড্ডায় সময় কাটান। হাতে হাতে ঘুরেছে আর্জেন্টিনার চিরচেনা সঙ্গী মাতে। এরপরই শেষ হয় আড্ডার পালা। মাঠে নামার আগে প্রথমে মেসি জিমে অনুশীলন করেন। এটি ছিল তার নিয়মিত রুটিনেরই অংশ। সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু করা তিনি এবং অন্য নয় খেলোয়াড় মাঠে নামার আগে জিমে সময় কাটিয়েছেন।

সংবাদমাধ্যম বিদায় নেওয়ার পর পুরো দলের মনোযোগ গিয়ে কেন্দ্রীভূত হয় একটাই লক্ষ্য—ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা।

কানসাস থেকে ১ হাজার ৬৬৪ কিলোমিটার দূরের ভেন্যু আটলান্টায় সেমিফাইনাল খেলতে হবে আর্জেন্টিনাকে। পরশু বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। যে ম্যাচ ঘিরে ফুটবলীয় লড়াই ছাপিয়ে ফকল্যান্ড যুদ্ধর মতো রাজনৈতিক ঘটনাও এসে পড়ছে। তবে স্কালোনি গতকাল জানিয়েছেন, এটা স্রেফ তাঁদের কাছে একটি ফুটবল ম্যাচ।কানসাসে দুই দিন অনুশীলন করে আটলান্টায় কাল উড়ে যাবে আর্জেন্টিনা

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে উঠবেই ইংল্যান্ড’

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কোন জার্সি পরে খেলবে

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

‘নরওয়েকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছি’

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: বন্ধু তুমি, শত্রু তুমি

ইংল্যান্ডের জয় ছাপিয়ে রেফারিং বিতর্ক

জীবনযুদ্ধে জয়ী মানুর স্বপ্নপূরণ মেসিতে

বাড়তি সুবিধা নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে নামবে ইংল্যান্ড

বিপিসি ফুটবলের শিরোপা জিতল করতোয়া সিটি

ফুঁ দিয়েই গোলের লড়াই, ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা