হোম > খেলা > ফুটবল

যেখানে শুরু, সেখানেই শেষ নেইমারের

রানা আব্বাস, কানসাস থেকে

ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন নেইমার! ছবি: এএফপি

রিও ডি জেনিরোর বিশাল মিলনায়তনে প্রায় ৭০০ সাংবাদিকের উপস্থিতিতে কার্লো আনচেলত্তি যেদিন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করলেন, নেইমার সেটা বাসায় বসে দেখছিলেন পরিবার- বন্ধুবান্ধবদের নিয়ে। আনচেলত্তি যখনই ঘোষণা করলেন নেইমারের নাম—চারদিকে কী উল্লাস, চিৎকার! নেইমারের চোখে তখন পানি; সেটা ছিল আনন্দাশ্রু। পরশু নেইমার কাঁদলেন নিউজার্সিতেও, অঝোরে কাঁদলেন। এ কান্না হৃদয় ভাঙার। বিশ্বকাপটা ঠিকঠাক খেলতে কতই-না চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন। দীর্ঘ অপেক্ষা করেছেন। স্বপ্ন দেখেছেন ব্রাজিলের হেক্সা মিশনটা সফল করার। কিন্তু সেই স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যাবে শেষ ষোলোতেই—নেইমার কি আর তা ভেবেছিলেন? যন্ত্রণাক্লিষ্ট মন নিয়ে নরওয়ের বিপক্ষে হারের পরই বলে দিলেন, ‘বারবার চেষ্টা করেছি। কিন্তু এবার শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ।’

অশ্রুসিক্ত কণ্ঠে ব্রাজিলের অফিশিয়াল সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বার্তা পরিষ্কার, জাতীয় দল থেকে নেইমারের বিদায়। এই ঘোষণায় বিস্মিত ব্রাজিলিয়ান সমর্থকেরা। চারটা বিশ্বকাপ খেললেও এই বিশ্বকাপেই তিনি যে জাতীয় দলকে বিদায় জানাবেন—এমন ইঙ্গিত তাঁর কথায় আগে কখনো পাওয়া যায়নি। ‘এখানেই শুরু, এখানেই শেষ’ বলার কারণ, এই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০১০ সালের আগস্টে ব্রাজিলের জার্সিতে তাঁর পথচলার শুরু হয়েছিল।

অনেক দিন ধরেই নেইমারের সময়টা ভালো যাচ্ছিল না। চোটের সঙ্গে লড়ে স্কটল্যান্ডের বিপক্ষে ফিরেছিলেন, শেষ ৩২ পর্বে জাপানের বিপক্ষে বেঞ্চে বসেই কেটেছিল। ২০২৬ বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচেই তাঁর স্বপ্নকে বড় ধাক্কা দিলেন নরওয়ের আরলিং হালান্ড। ৬৭ মিনিটে নেইমার যখন শেষ ষোলোর ম্যাচে খেলতে নামেন, তখনো সমতায় ছিল ব্রজিল-নরওয়ের ম্যাচ। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আক্রমণে হারিয়ে যাওয়া গতি ও সৃজনশীলতা ফিরিয়ে আনতে দ্বিতীয়ার্ধে মাঠে নামান ‘নাম্বার টেন’ নেইমারকে। কিন্তু হালান্ড জোড়া গোলে ব্রাজিলের সব স্বপ্ন তখন কার্যত শেষ। আর সান্তোসের এই তারকা ফুটবলারের হতাশা যেন মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে, হয়তো বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচই হয়ে রইল নিউজার্সিতে।

মাঠে নেমে বাঁ প্রান্ত দিয়ে কয়েকটি আক্রমণ গড়ার চেষ্টা করেছিলেন নেইমার। কিন্তু একসময় বার্সেলোনা ও পিএসজিতে আলো ছড়ানো সেই বিস্ফোরক গতি কিংবা ধার আর দেখা যায়নি। মাঠে নামার মাত্র ১০ মিনিট পর ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ড নরওয়েকে এগিয়ে দেন। সেই সঙ্গে ধীরে ধীরে নিভে যেতে থাকে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের স্বপ্ন।

নেইমারের হতাশার প্রথম প্রকাশ মার্টিন ওডেগার্ডকে করা একটি কঠিন ট্যাকল। তখন নরওয়ে ২-০ ব্যবধানে এগিয়ে। এই ফাউলে হলুদ কার্ডও দেখেন। মাঠে কাটানো ৩০ মিনিটে বেশ কয়েকবার তাঁর অসহায়ত্ব ছিল স্পষ্ট। ওই ফাউলের পরই ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে তৈরি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং নরওয়ের খেলোয়াড়দের সঙ্গে ধাক্কাধাক্কি করেন।

এরপর কাসেমিরোকে করা ফাউল থেকে পাওয়া পেনাল্টির দায়িত্ব নিজেই নেন নেইমার। এ সময়ে তাঁর কথার লড়াই হয় নরওয়ের গোলকিপারের সঙ্গে। মনস্তাত্ত্বিক খেলা তাঁর সঙ্গে হবে না, সেটা নরওয়েজিয়ান গোলকিপার নাইল্যান্ডকে জানিয়ে দেন। নিখুঁত শটে গোল করে ব্যবধান কমান। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছিল। গোল করার পর তিনি নাইল্যান্ডের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক হাসি দেন, অথচ ঘড়ির কাঁটা তখন ব্রাজিলের বিপক্ষেই ছুটছিল এবং বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হচ্ছিল। দুই মিনিটের মধ্যেই নেইমারের হাসি রূপ নেয় বুকভাঙা কান্নায়।

পুরো বিশ্বকাপে মাত্র ৫১ মিনিট খেলেছেন নেইমার—স্কটল্যান্ডের বিপক্ষে ২১ মিনিট আর নরওয়ের বিপক্ষে বাকি ৩০ মিনিটের কিছু বেশি। নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্লান্ত শরীরে মাঠে লুটিয়ে পড়েন নেইমার এবং অঝোরে কাঁদতে থাকেন। সতীর্থরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। বিশ্বকাপ থেকে এই বিদায়ই হয়তো তাঁর দীর্ঘ হতাশার বিশ্বকাপ-যাত্রার চূড়ান্ত সমাপ্তি টেনে দিল।

ম্যাচ শেষে গ্যালারিতে জীবনসঙ্গিনী ব্রুনা বিয়ানকার্দির কাছে গেলেন, চুমু খেলেন। সন্তানকেও বুকে জড়িয়ে নিলেন নেইমার। চারিত্রিকভাবে ব্রাজিলিয়ানরা যেন বাঙালিদের মতোই আবেগপ্রবণ। নেইমারের অশ্রুভেজা চোখ তাই বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের স্পর্শ করে। এত বড় প্রতিভাবান ফুটবলার, এমন যুগে হলুদ জার্সিটা গায়ে চাপিয়েছিলেন, ব্রাজিল তখন নিজেদের সোনালি অতীত হারিয়ে খুঁজছে। নেইমারের বিশ্বকাপ তাই হয়ে রইল বড় এক আফসোসের নাম।

কান্নায় ভেঙে পড়া রোনালদোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল

শেষ মুহূর্তের গোলে রোনালদোদের হৃদয় ভেঙে শেষ আটে স্পেন

অসম্ভবকে সম্ভব করেন হালান্ড

নিখোঁজ সাম্বা, বিদায় ব্রাজিল

মেসিদের সামনে আজ সালাহ-চ্যালেঞ্জ

আর্জেন্টিনাকে মিসর কোচের হুঁশিয়ারি, ‘আমাদের ২৬ জন মেসি আছে’

খালি গায়ের হালান্ডকে জড়িয়ে ধরলেন নরওয়ের হবু রানি

মিসর ম্যাচের আগে মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর স্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে অনুরোধের কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা