ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে চলছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট চলা অবস্থাতেই নতুন কোচ নিল পাকিস্তান। দলটির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইকেল স্মিথ।
পাকিস্তানের ব্যাটিং কোচের পদটা দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। আজ সেই জায়গাটা পূরণ করা হলো স্মিথকে দিয়ে। দুই বছরের চুক্তিতে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বলে পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। স্মিথ লাল বল, সাদা বল দুই বলের সংস্করণেই ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন।
স্মিথের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত ক্রিকেটার ছিলেন। ৮৯ প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচের পাশাপাশি ৭২ লিস্ট ‘এ’ ক্রিকেট ও টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ খেলেছেন। কোচ হিসেবেও দারুণ অভিজ্ঞ তিনি। ‘লেভেল-৪’ ডিগ্রিধারী এই কোচের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক নামডাক রয়েছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতানসের হয়ে কাজ করায় পাকিস্তান ক্রিকেট সম্পর্কেও তাঁর অনেক জানাশোনা আছে।
অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেনস ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড এবং ইস্টার্ন প্রভিন্সের কনসালট্যান্ট হিসেবেও ছিলেন তিনি। পাকিস্তান টেস্ট দলে উমর গুল দীর্ঘদিন ধরে বোলিং কোচ হিসেবে কাজ করছেন। তবে কোনো সংস্করণেই ব্যাটিং কোচ ছিলেন না। নির্বাচক আসাদ শফিক মাঝে মধ্যে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এবার স্থায়ীভাবে সেই দায়িত্ব পেয়েছেন স্মিথ।
মূলত তারুবায় গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৯০ রানে হারের পর ব্যাটিং কোচ নিয়োগের আলোচনা জোরালো হয়। সেটার পরিপ্রেক্ষিতেই নিয়োগ পেলেন স্মিথ। তবে সাদা ও লাল বলে মাইক হেসন ও সরফরাজ আহমেদ প্রধান কোচের দায়িত্বে থাকছেন।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজই তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট। ১৯ আগস্ট এজবাস্টনে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। তিন ভিন্ন ভেন্যুতে হবে তিনটি টেস্ট। লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এজবাস্টনে।
চলমান পোর্ট অব স্পেন টেস্টে পাকিস্তান তুলনামূলক সুবিধাজনক অবস্থান রয়েছে। গতকাল ৬৬ ওভারে ২ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তারা কেবল ৭৮ রানে পিছিয়ে। আব্দুল্লাহ শফিক ও বাবর আজম ১০৭ ও ৮৬ রানে ব্যাটিং করছেন। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৩৪৪ রান।