হোম > জাতীয়

৬ ঘণ্টা বসিয়ে রেখে ভোরে মদিনা-ঢাকা ফ্লাইট বাতিল করল বিমান, আড়াই শ যাত্রীর ভোগান্তি

তারিকুল ইসলাম কাজী রাকিব, মদিনা থেকে

উড়োজাহাজের কারিগরি ত্রুটি সারাতে পাঁচবার সময় নিয়ে ছয় ঘণ্টা বসিয়ে রাখার পর মদিনা-ঢাকা ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের বিজি১৩৮ ফ্লাইট গতকাল শুক্রবার মদিনার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ভোর ৬টা ৩০ মিনিটে সেই ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এতে চরম ভোগান্তিতে পড়েন ২৫০ যাত্রী। তাদের বিমানবন্দর থেকে হোটেলে নেওয়া হচ্ছে। সেখান থেকে পরে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হবে।

বিমানের যাত্রীরা জানান, বোর্ডিং পাস নিয়ে ফ্লাইটে ওঠার আগমুহূর্তে রাত ১১টার সময় ‘টেকনিক্যাল ত্রুটির’ কারণে আধা ঘণ্টা দেরির কথা জানায় বিমান। কিন্তু ত্রুটি সারাতে না পেরে এক ঘণ্টা করে আরও পাঁচবার সময় নেয় বাংলাদেশ বিমান। পরে স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে যাত্রা বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

২৭১ আসনের ওই ফ্লাইটের যাত্রী ছিলেন আড়াই শ। সারা রাত বসিয়ে রাখার পর সকালে ফ্লাইট বাতিল করায় ভোগান্তিতে পড়েন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিমানের মদিনা স্টেশন ম্যানেজার মোহাম্মদ এনামুল হক আজকের পত্রিকা’কে বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ থেকে ছেড়ে আসা ফ্লাইটটি মদিনা থেকে যাত্রা শুরুর আগমুহূর্তে এতে ‘টেকনিক্যাল ত্রুটি’ ধরা পড়ে। স্থানীয় প্রকৌশলীরা দীর্ঘক্ষণ চেষ্টা করে সমাধান করতে না পারায় যাত্রা বাতিল করতে হয়েছে। বাংলাদেশ থেকে প্রকৌশলী এনে ত্রুটি সারানোর চেষ্টা করা হবে।কী ধরনের ত্রুটি হয়েছে জানতে চাইলে এনামুল বলেন, ‘জাহাজটি সচল রাখতে ২৪টি সফটওয়্যার অ্যাক্টিভ থাকা দরকার। এগুলোর মধ্যে ১০টি অ্যাক্টিভ হলেও বাকিগুলো সচল হয়নি। এ কারণে যাত্রা আপাতত বাতিল করা হয়েছে।’

আরও খবর পড়ুন:

রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে ‘গুম’: সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে

তেহরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা ৪ জুলাই, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মৎস্যজীবীদের সুবিধায় উন্মুক্ত করা হয়েছে সব জলাশয়: মৎস্য প্রতিমন্ত্রী

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল