হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

ঈদের আগে ও পরে দাঁতের যত্নে কী করবেন

ফিচার ডেস্ক

ঈদ মানেই আনন্দের জোয়ার। এই ঈদে টেবিলে থাকে গরু ও খাসির মাংসের নানা পদের বাহারি রান্না। কিন্তু মজার এসব খাবার খাওয়ার জন্য দাঁত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শক্ত হাড় বা মাংস চিবানোর সম্পূর্ণ কাজ দাঁতের মাধ্যমে হয়। তবে খেতে গিয়ে দাঁতের কোনায় আটকে থাকা মাংসের টুকরো ঈদের আনন্দের মাঝে হুট করে ডেকে আনতে পারে তীব্র ব্যথা। তাই ঈদের আগে ও পরে দাঁতের সুরক্ষায় বিশেষ যত্ন নেওয়া এবং এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।

ঈদের খাবারে দাঁতব্যথার ঝুঁকি কেন বাড়ে

ঈদের সময় দাঁতব্যথার ঝুঁকি বাড়ার অনেক কারণ আছে। যেমন—

» দাঁতের ফাঁকে খাবারের কণা বা আঠালো প্লাক জমে থাকা

» অসাবধানতাবশত মাংসের শক্ত হাড় চিবানোর কারণে দাঁতের গোড়া ফেটে যাওয়া

» দাঁতের আগের ফিলিং কোনো কারণে ফেটে যাওয়া

» দাঁতের গোড়ায় বা মাড়িতে আগে থেকে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ বা ফোলা ভাব থাকা

» অতিরিক্ত মিষ্টি বা শর্করাজাতীয় খাবার খাওয়ার পর মুখ ভালোভাবে পরিষ্কার না করা

» মাড়িতে আক্কেলদাঁত গজানোর জন্য পর্যাপ্ত জায়গা না থাকা

» এ ছাড়া দাঁতে সরাসরি আঘাত লাগা বা ঘুমের ঘোরে দাঁত কিড়মিড় করা

» সাইনাসের সংক্রমণ

দাঁতে ব্যথা হলে যা করবেন

ঈদের ছুটির দিনগুলোতে তাৎক্ষণিকভাবে ডেন্টিস্টের কাছে যাওয়া সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগপর্যন্ত সাময়িক স্বস্তির জন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন—

কুসুম গরম পানিতে কুলকুচি: দাঁতে অস্বস্তি বা ব্যথা শুরু হলে প্রথমে মুখ ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে বা কুলকুচি করে নিন।

ডেন্টাল ফ্লস ব্যবহার: দাঁতের ফাঁকে মাংসের টুকরো বা কোনো খাবার আটকে থাকলে তা বের করার জন্য অবশ্যই ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।

ব্যথানাশক ওষুধ: ব্যথা সহ্যের বাইরে চলে গেলে তা কমাতে ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায়—এমন সাধারণ ও ওভার-দ্য-কাউন্টার ব্যথানাশক ওষুধ খেতে পারেন।

ঠান্ডা সেঁক: মাংসের হাড় চিবিয়ে দাঁতে কোনো আঘাত বা ট্রমা পেলে গালের বাইরে থেকে বরফ বা ঠান্ডা কাপড়ের সেঁক দিন।

কখন চিকিৎসকের কাছে যাবেন

ঈদের সুস্বাদু সব খাবারের পূর্ণ স্বাদ নিতে এবং আনন্দের দিনগুলো ব্যথামুক্ত রাখতে দাঁতের প্রতি যত্নশীল হোন। খাওয়াদাওয়ার পর দাঁতের সঠিক পরিষ্কার-পরিচ্ছন্নতাই আপনাকে এই অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে দূরে রাখতে পারে। তবে দাঁতে ব্যথা বেশি হলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

কখন যাবেন চিকিৎসকের কাছে—

» যদি দাঁতের ব্যথা ১ বা ২ দিনের বেশি সময় ধরে একটানা চলতে থাকে,

» ব্যথার সঙ্গ জ্বর আসে

» মাড়ি ফুলে যাওয়া, কামড় দিতে গেলে তীব্র ব্যথা, মাড়ি লাল হওয়া বা মুখ থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হওয়ার মতো সংক্রমণের লক্ষণ দেখা গেলে

» দাঁতের ব্যথার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হলে কিংবা খাবার গিলতে সমস্যা হলে

সূত্র: মায়ো ক্লিনিক

এই গরমে আরামে থাকতে যা করবেন

আক্কেলদাঁতের ব্যথা কমাতে ঘরোয়া উপায়

মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন

গরমে সাইনোসাইটিসের ব্যথা থেকে বাঁচার উপায়

প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দিন ৬ খাবার

অতিরিক্ত খিদে কমাতে খান প্রোটিন সমৃদ্ধ খাবার

ঠিক করে ফেলুন ঘুমের নিয়ম

সেহরির পর ভালো ঘুমে যা করতে পারেন

ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর? ঘরোয়া ৫ চিকিৎসা

রোজায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর খাদ্য