হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’

আজকের পত্রিকা ডেস্ক­

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’। বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ বিভিন্ন পরিবেশনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রিভো বাংলাদেশ ও পাওয়ারবিন।

উৎসবের দ্বিতীয় দিনে বিনোদন অঙ্গনের পরিচিত অভিনয়শিল্পীদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান।

বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত, অভিনেতা শ্যামল মাওলা ও অভিনেতা আবদুল্লাহ রানা। এ ছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী তাবাস্সুম সোহা, মালু দেওয়ান ও নওশেবা।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

উৎসবের প্রথম দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ নানা পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি এসব বিষয়ে প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রথম দিনেই প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং দ্বিতীয় দিনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উইং কমান্ডার রফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত)। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।

দ্বিতীয় দিনের আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই ‘মঞ্চ উৎসব’ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের একই মঞ্চে এনে তাঁদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতেই এ আয়োজন করা হয়েছে।

দুই দিনের উৎসবে শিক্ষার্থীদের অভিনয়, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পীদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।