হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে বাড়িতে ঢুকে গুলিবর্ষণ, প্রবাসী যুবক আহত, শিশুকে কুপিয়ে জখম

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম নামের এক সৌদিপ্রবাসীর বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রফিকুল গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর ছেলে দিহান ইসলাম (১২) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৌদি আরব থেকে দেশে আসা আরেক যুবক মো. রাকিবকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

উন্নত চিকিৎসার জন্য রফিকুলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ছেলে দিহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাকিব রাজারচর গ্রামের খালেক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে ব্যবসায়িক লেনদেন নিয়ে রফিকুল ও রাকিবের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি দেশে ফেরার পর দুজনের বিরোধ আরও তীব্র হয়। এর জেরেই হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

আহত রফিকুলের স্ত্রী সঙ্গীতা বেগম জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে দরজা ভেঙে দুই ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং বাইরে আরও দুজন পাহারায় ছিল। ঘরে ঢুকেই হামলাকারীরা তাঁর স্বামীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রফিকুলের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। একপর্যায়ে তাঁদের ছোট ছেলে দিহানকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, রাত ৩টার দিকে হাত, পা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত শিশুর শরীরের বিভিন্ন স্থানে জখম থাকায় তাঁকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনার পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজারচর এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান বলেন, সৌদি আরবে দুই প্রবাসীর ব্যবসায়িক বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুন্সিগঞ্জে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আমদানিকারকের নাম-সিল ছাড়াই বিক্রি হচ্ছে ‘বিদেশি’ প্রসাধনসামগ্রী

ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন সম্পন্ন

মুন্সিগঞ্জে আন্তজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, গরু উদ্ধার

কলেজের লিফটে আটকা মা ও শিশু, ডাকতে হলো ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে কেমিস্ট ছাড়াই তৈরি হচ্ছিল প্রসাধনী, জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকাসহ দুই মরদেহ উদ্ধার