হোম > খেলা > ফুটবল

রেকর্ড ১৭ হাজার কোটি টাকা আয় করল রিয়াল

ক্রীড়া ডেস্ক    

সবশেষ দুই মৌসুমে কোনো শিরোপা জিততে না পারলেও রেকর্ড আয় হয়েছে রিয়াল মাদ্রিদের। ছবি: সংগৃহীত

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ আজ ২০২৫-২৬ মৌসুমে তাদের আয়ের হিসাব দিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘কোনো শিরোপা জিততে না পারলেও ২০২৫-২০২৬ মৌসুমে রেকর্ড ১.২২১ বিলিয়ন ইউরো রাজস্ব আয় হয়েছে। খেলোয়াড় স্থানান্তর থেকে আয় বাদে পরিচালন রাজস্ব হিসেবে এই আয় হয়েছে।’ বাংলাদেশি মুদ্রায় তা ১৭ হাজার ২১৪ কোটি ৫২ লাখ টাকা।

আগের অর্থবছরের তুলনায় ৩.১ শতাংশ বেশি আয় করেছে বলে দাবি করছে রিয়াল। আজ এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি বলেছে, ‘এতে করে রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো ১.২ বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করেছে। যা বিশ্বের অন্য কোনো ক্রীড়া সংস্থা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। এটা ক্রীড়া শিল্পে রাজস্ব আয়ের শীর্ষস্থানে ক্লাবটির অবস্থানকে আরও সুসংহত করেছে।’

কর পরবর্তী মুনাফা হিসেবে অর্থের অঙ্কটা ২৬ মিলিয়ন ইউরো হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশি মুদ্রায় তা ৩৬৪ কোটি ৬৫ লাখ টাকা। ২০২৪-২৫ মৌসুমের তুলনায় ৮ শতাংশ বেশি বলে হিসেব দেখিয়েছে রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ—রিয়াল মাদ্রিদ সবশেষ ২০২৩-২৪ মৌসুমে জিতেছিল ট্রেবল। পরের দুই মৌসুম শুধুই হতাশার। কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা তো জিততে পারেইনি। উপরন্তু ২০২৪-২৫, ২০২৫-২৬—এই দুই মৌসুমে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে হেরে রানার্সআপ হয়েছে রিয়াল।

ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা রিয়াল জুনে আলভারো আরবেলোয়ার পরিবর্তে জোসে মরিনিওকে কোচ হিসেবে নিয়োগ দেয়। এমনকি বের্নার্দো সিলভা, মার্ক কুকুরেয়ার মতো তারকাদের দলে ভিড়িয়েছে। যে কুকুরেয়া যুক্তরাষ্ট্রেই দুটি শিরোপা জিতেছেন। গত বছর ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার পর কদিন আগে তিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।

এখন প্রশ্ন আসতেই পারে, ২০২৫-২৬ মৌসুমে এত আয় কী করে হলো রিয়ালের। ক্লাবের শক্তিশালী আর্থিক অবস্থার পেছনে মূল কারণ হলো তাদের সংস্কারকৃত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে আয় বৃদ্ধি। ১১ শতাংশ বেড়ে এটা হয়েছে ৩৬৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৫০৯১ কোটি টাকা। সঙ্গে যুক্ত হয়েছে নতুন স্পনসরশিপও।

বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লাইপজিগের উইঙ্গার ইয়ান দিওমান্দের সঙ্গে চুক্তি করে ফেলেছে। এমনকি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে নিয়েও রিয়াল ভাবছে। টানা দুই মৌসুম কোনো শিরোপা জিততে না পারার হতাশা থেকেই মূলত শক্তিশালী দল গঠনে মনোযোগ দিচ্ছে লস ব্লাঙ্কোসরা।

আরবেলোয়ার পরিবর্তে নিয়োগপ্রাপ্ত মরিনিও রিয়ালে একেবারে নতুন নন। এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত প্রথম মেয়াদে ছিলেন রিয়ালের কোচ। তাঁর সময়ে লস ব্লাঙ্কোসরা একবার করে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিল।

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ফুটবলারের লাল কার্ড ছিল ভুল, কিন্তু কেন

পদক জিততে পারলেন না রাকিব

ফের ইতালির কোচ মানচিনি

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপসেরা গোলের পর প্রেমিকার কাছে যেতে চেয়েছিলেন সেই ফুটবলার

বিশ্বকাপে ৫৫ লাখের বেশি বিয়ার পান করেছেন ভক্ত-সমর্থকেরা, হটডগের পরিমাণ কত

‘আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই’

রেফারিকে ‘জখম’ করে পালালেন ব্রাজিলের ফুটবলার

কীভাবে শাস্তি এড়িয়ে গেলেন মেসি ও তাঁর সতীর্থ

বিশ্বকাপের পর জিদানকেই নতুন কোচ বানাল ফ্রান্স

নতুন ক্লাবে নাম নিয়ে বিপাকে কেপ ভার্দের সেই গোলরক্ষক