১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলছে ৪৮ দল। ‘বিশ্বকাপের দল' শীর্ষক এই ধারাবাহিকে কোন দল কেমন, সেটি তুলে ধরার প্রয়াস। আজকের পর্বে আইভরি কোস্ট
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের পর আর বিশ্বমঞ্চে দেখা যায়নি আইভরি কোস্টকে। সেবার গ্রিসের বিপক্ষে শেষ মুহূর্তের এক গোলে চূর্ণ হয়ে যায় সোনালি প্রজন্মের স্বপ্ন। এরপর টানা দুটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকার পর ২০২৬ বিশ্বকাপে পা রেখেছে পশ্চিম আফ্রিকার এই দেশটি।
বাছাইপর্বের ১০টি ম্যাচের একটিতেও হারেনি আইভরি কোস্ট। ৮টি জয় আর ২টি ড্র নিয়ে তারা অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তাও যৌথভাবে আফ্রিকার মধ্যে প্রথম হয়ে। তবে এর চেয়ে বিস্ময়কর হলো, ১০ ম্যাচে একটি গোলও হজম করেনি। নিশ্ছিদ্র রক্ষণ আর ধারালো আক্রমণের এই মেলবন্ধন তাদের নিয়ে গেছে অন্য উচ্চতায়।
এই সাফল্যের নেপথ্যে বড় অবদান কোচ এমেরসে ফায়ের। ২০২৪ আফ্রিকা কাপ অব নেশনসের মাঝপথে তিনি দায়িত্ব নেন। তখন দলটি প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছিল। খাদের কিনারা থেকে টেনে তুললেন পুরো দলকে। হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে এনে নাইজেরিয়াকে হারিয়ে এনে দেন শিরোপাও। সেই সাফল্যের ধারা বজায় রেখেই বিশ্বকাপের বৈতরণি পার করিয়েছেন তিনি।
ফায়ে এমন এক ৪-৩-৩ ফরমেশন দাঁড় করিয়েছেন, যেখানে গোল করার জন্য দলটি কোনো নির্দিষ্ট একজনের ওপর নির্ভরশীল নয়। বাছাইপর্বে তারা মোট ২৫টা গোল করেছে এবং তা করেছেন ৯ জন আলাদা খেলোয়াড়। দলের মাঝমাঠে মূল দায়িত্ব অধিনায়ক ফ্রাঙ্ক কেসির কাঁধে। তাঁর অভিজ্ঞতা আর সেকো ফোফানার শক্তিমত্তা দলের মূল চালিকাশক্তি। তবে সমর্থকদের সবটুকু রোমাঞ্চ এখন ১৮ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দেকে ঘিরে। ২০ মিলিয়ন ইউরোতে আরবি লাইপজিগে নাম লেখানো এই তরুণ তুর্কি এবং বাজুমানা তেরোর গতি প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করতে বড় অস্ত্র হতে পারে।
আইভরি কোস্টের জন্য এবারের বিশ্বকাপ এক অভিশপ্ত ইতিহাস ভাঙার মিশন। অতীতে তাদের বিশ্বকাপ-যাত্রা সব সময়ই গ্রুপপর্বে থেমে গেছে। ২০০৬, ২০১০ এবং ২০১৪—টানা তিন আসরে তারা অংশ নিলেও নকআউট পর্বে উঠতে পারেনি। কখনো আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, আবার কখনো ব্রাজিল-পর্তুগালের মতো ‘ডেথ গ্রুপে’ পড়ে কপাল পুড়েছে।
এবার তাদের গ্রুপে আছে জার্মানি, ইকুয়েডর ও কুরাসাও। দলটির বর্তমান স্কোয়াডের প্রায় সবাই ইউরোপের বড় লিগগুলোতে খেলছেন। ঘরোয়া লিগের খেলোয়াড় নেই বললেই চলে। এটি প্রমাণ করে যে তাদের দেশের ফুটবলাররা এখন বিশ্ব ফুটবলে কতটা জনপ্রিয়। বিশ্লেষকদের মতে, এবারের দলটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ। তাদের আক্রমণভাগের যেমন গোল করার ক্ষমতা আছে, তেমনি রক্ষণভাগও যথেষ্ট শক্তিশালী।
গত মাসে দক্ষিণ কোরিয়া ও স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় সেই বার্তাই দিচ্ছে। দীর্ঘ এক যুগের খরা কাটিয়ে তারা যখন উত্তর আমেরিকার মাঠে নামবে, তখন তাদের চোখে থাকবে আফ্রিকার ফুটবলের নতুন ইতিহাস গড়ার স্বপ্ন। আফ্রিকার ফুটবল শক্তি হিসেবে নিজেদের অবস্থান আবারও প্রমাণ করার জন্য প্রস্তুত হচ্ছে দ্য এলিফ্যান্টরা।
এমেরসে ফায়ের আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারের শুরুটা ছিল রূপকথার মতো। ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)-এর আয়োজক হয়েও আইভরি কোস্ট যখন বড় হারের (বিষুবীয় গিনির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত) স্বাদ পেয়ে বিদায়ের দ্বারপ্রান্তে, তখনই দৃশ্যপটে আসেন তিনি। ওই ব্যর্থতার জেরে কোচ জঁ-লুই গাসেত বরখাস্ত হলে টুর্নামেন্টের মাঝপথেই অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব থেকে মূল দলের কোচ হিসেবে পদোন্নতি পান রিডিংয়ের সাবেক মিডফিল্ডার ফায়ে। তাঁর অনুপ্রেরণায় খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় দলটি এবং ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট জয় করে।
বার্সেলোনায় সংক্ষিপ্ত সময়ে ফ্রাঙ্ক কেসি খুব একটা উজ্জ্বল হতে না পারলেও ২৯ বছর বয়সী এই অধিনায়ক এখন মাঝমাঠে আইভরি কোস্টের মূল ভরসা। মাঠের কৌশল সাজানো এবং রক্ষণ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কেসি এখন দলের অপরিহার্য নাম তিনি। এক যুগের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চে ফেরা আইভরি কোস্টের সাফল্যের বড় ভরসা অভিজ্ঞ এই দলপতিই। তবে তাঁর প্রধান চ্যালেঞ্জ এখন চোট থেকে সেরে ওঠা।
র্যাঙ্কিং: ৩৪
অংশগ্রহণ: ৪
সর্বোচ্চ সাফল্য: গ্রুপপর্ব
ডাকনাম: দ্য এলিফ্যান্টস
অঞ্চল: আফ্রিকা
ম্যাচ জয় হার ড্র
৯ ৩ ৫ ১
১৫ জুন ইকুয়েডর ফিলাডেলফিয়া ভোর ৫টা
২০ জুন জার্মানি টরন্টো রাত ২টা
২৫ জুন কুরাসাও ফিলাডেলফিয়া রাত ২টা