চার-ছক্কার ফুলঝুরি, গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস—টি-টোয়েন্টি মানেই যে এমন কিছুই। এমনকি ব্যাটারদের বেধড়ক পিটুনিতে অভিজ্ঞ বোলাররাও রীতিমতো অসহায়। প্রতিনিয়তই চলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। গতকাল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ রানের কীর্তি গড়লেন জস বাটলার। এমনকি ভবিষ্যতে কে ভাঙতে পারেন তাঁর রেকর্ড, সেই ভবিষ্যদ্বাণীও করে রেখেছেন তিনি।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গতকাল ওয়েলশ ফায়ারের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন বাটলার। ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ২০ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলায় টি-টোয়েন্টিতে এখন তাঁর রান ১৪৮৩৩। দুইয়ে থাকা কাইরন পোলার্ডের রান ১৪৮০৩।
রেকর্ড যে গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই, সেটা জানা বাটলারেরও। গতকাল ওয়েলশ ফায়ারকে হারিয়ে স্কাই ক্রিকেটকে ইংল্যান্ডের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার এ ব্যাপারে বলেন, ‘এটা সত্যিই দারুণ অনুভূতি যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন আমার। এক দিন না এক দিন কেউ না কেউ এই রেকর্ড ভাঙবেই। আমার মতে সেটা সম্ভবত সূর্যবংশী করতে যাচ্ছেন।অবশ্যই এটি আমার জন্য গর্বের বিষয়।’
বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ১৫ বছর বয়সেই লাইমলাইটে চলে এসেছেন বৈভব সূর্যবংশী। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, আইপিএল হোক বা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ—সব জায়গাতেই তিনি ব্যাটিং করেন খুনে মেজাজে। ইংল্যান্ড সিরিজে ব্যর্থ হলেও জিম্বাবুয়ে সিরিজে কাঁপিয়ে হয়েছেন সিরিজসেরা। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৪০ ম্যাচে ২১৬.৩২ স্ট্রাইকরেটে করেছেন ১৬৭০ রান। ৪ সেঞ্চুরি ও ৮ ফিফটি করেছেন তিনি। বাটলার বলেন, ‘ক্রিকেট কত দ্রুত বদলে যেতে পারে, সেটা সত্যিই মজার। এক দিন আপনি নায়ক, আরেক দিন আপনিই সমালোচনার লক্ষ্য।’
ভালো পারফরম্যান্স করলে যেমন বয়ে যায় প্রশংসার বন্যা, তেমনি খারাপ সময়ে চলে সমালোচনার ঝড়। সমালোচনাকে তুড়ি মেরে কীভাবে উড়িয়ে দিতে হয়, বর্তমানে বাটলার-সূর্যবংশী যেন সেটার জলজ্যান্ত উদাহরণ। আইপিএলে রেকর্ড গড়া সেঞ্চুরি করা সূর্যবংশী যেমন বাজে সময় কাটিয়েছেন, সেখান থেকে উতড়েও গেছেন। বাটলার গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ৬৪ বলে ১৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। সেই ফর্মটা টেনে নিয়ে এসেছেন চলমান ‘দ্য হান্ড্রেডে’ও। ২৭৭ রান করে ১০০ বলের টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। সবার ওপরে থাকা মিচেল মার্শ করেছেন ২৯০ রান। সানরাইজার্স লিডসের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
ফর্মের তুঙ্গে থাকা বাটলার শোনালেন তাঁর নিজেকে ফিরে পাওয়ার গল্প। স্কাই ক্রিকেটকে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বলেন, ‘কয়েক মাস আগেও নিজের ফর্ম নিয়ে ভীষণ সংগ্রাম করছিলাম। কিন্তু গত কয়েক সপ্তাহে, বিশেষ করে এখন আমার মনে হচ্ছে জীবনের সেরা ব্যাটিংটাই করছি। বিষয়টা সত্যিই দারুণ উপভোগ করছি। এমন পরিস্থিতিতে সামনে আসলে দুটি পথই থাকে—হয় হাল ছেড়ে দেবেন, নয়তো নতুন উদ্যমে লড়াই চালিয়ে যাবেন এবং নিজের ফর্ম ফেরত পাওয়ার চেষ্টা করবেন। আমি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছি। সেই শক্তি ও দৃঢ়সংকল্প নিয়েই কাজ করে নিজের সেরাটা ফিরে পেয়েছি।’
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ছয় ক্রিকেটার ১৪ হাজার পার করেছেন। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন, চার,পাঁচ ও ছয়ে থাকা ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলির রান ১৪৫৬২, ১৪৪৪৯, ১৪২৮৪ ও ১৪২১৮। ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টিতে নিয়মিত। কোহলি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন ঠিকই। তবে আইপিএলে তাঁর ফর্মটা ধরে রেখেছেন।
৩৫ বছর বয়সী বাটলার এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। বাটলার-কোহলিদের তুলনায় সূর্যবংশী অনেক পিছিয়ে। তবে বয়স যেহেতু মাত্র ১৫ এবং বিধ্বংসী ফর্মটা যদি ধরে রাখতে পারেন, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাকের রেকর্ড ভাঙা অসম্ভব নয়।