হোম > খেলা > ক্রিকেট

আগের বোর্ডকে ‘চাপ’ দিলেও এবার বিপিএল আয়োজন করতে না পারার ব্যাখ্যা দিলেন তামিম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিপিএল আয়োজন না করতে পারার ব্যাখ্যা দিলেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

আর্থিক ক্ষতি এবং সংস্কারের কারণ দেখিয়ে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান নীতিনির্ধারকেরা। যে তামিম খেলোয়াড়দের রুটিরুজির কথা চিন্তা করে দুই বছর আগে ফারুক আহমেদের বোর্ডের ওপর চাপ তৈরি করেছিলেন বিপিএল আয়োজন করতে, এমনকি সর্বশেষ ২০২৬ বিপিএলের সময়েও বিভিন্ন উপায় বাতলে দিয়েছিলেন বিতর্কিত টুর্নামেন্টটির গুণগত মান উন্নয়নের। সেই তামিম বোর্ড সভাপতি হওয়ার পর হাতে যথেষ্ট সময় পেলেও বিপিএল আয়োজন থেকে বিরত থাকছেন বলে হচ্ছে প্রচুর আলোচনা-সমালোচনা।

বিপিএল নিয়ে আজ মিরপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন তামিম। সেখানে বর্তমান বিসিবি সভাপতি বিপিএল আয়োজন না করার ব্যাখ্যায় নিজের পুরোনো কথাগুলো নতুন করে বললেন, ‘গত দুইটা বছর যদি বিপিএলটা ভালোভাবে পরিচালিত হতো আর আমি এসে যদি বিপিএলটা না করতাম, তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারতেন। গত দুই বছরে বিপিএলের হয়েছেটা কী? গত দুই বছর যদি সফলভাবে হতো, কোনো ঝামেলা হতো না, সব ঠিক থাকত, পারিশ্রমিক ঠিকভাবে দেওয়া হতো, সব ঠিক থাকত, তাহলে আমি বিপিএলটা না করলে আমার ব্যর্থতা হতো।’

পারিশ্রমিক কমিয়ে হলেও ফারুককে তখন বিপিএল আয়োজনের যে অনুরোধ করেছিলেন, সেটি নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘আমি একজন ক্রিকেটার হিসেবে ওই সময় যিনি সভাপতি ছিলেন, তাঁর কাছে গিয়েছি। অনুরোধ করেছি। জোরপূর্বক বিপিএল করা হয়েছে, এটা বলাটা ভুল। আমরা বলেছি যে এটা তো এটা করেন ভাই। তা না হলে আমাদের ক্রিকেটারদের ক্ষতি হবে। আবার ২০-২৫ শতাংশ (পারিশ্রমিক) কমায় দেব। সবই সত্যি।’

ফারুককে ২০২৫ বিপিএল আয়োজনের সময়ই দুইটা ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তামিম। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক বিতর্কিত ঘটনা ঘটেছে তখন। তামিমের দাবি, তিনি তখনকার বিসিবি সভাপতিকে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বিসিবি সভাপতি বলেন, ‘কী হয়েছে, এটা আমি বলে দিচ্ছি। যে সভাপতির (ফারুক) কাছে আমরা গিয়েছিলাম, আমি তাঁকেই এক সপ্তাহ পরে এসে এটাও বলেছি যে, এই দুই ফ্র্যাঞ্চাইজিকে দল দিয়েন না। আপনি ঝামেলায় পড়বেন। তার একটা ফ্র্যাঞ্চাইজি ছিল রাজশাহী।’

আগের বিপিএলে নেতিবাচক ঘটনা বেশি ঘটায় আপাতত স্থগিত করা হয়েছে বলে দাবি তামিমের। বিসিবি সভাপতি বলেন, ‘চুক্তি স্বাক্ষর না করে দলগুলোকে খেলানো, ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া, যাতায়াত ভাড়া, হোটেল খরচ না দেওয়া। দুইটা অংশ তো খারাপ হতে পারে না। যেকোনো একটা দিকও যদি ভালো থাকত, আমি তাও জিনিসটা দেখতাম। আবারও বলি, বিপিএল বন্ধ, বিপিএল বাদ সেটা না। বিপিএল স্থগিত। বিপিএল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিপিএলটাকে ভালো করে করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করব।’