হোম > জীবনধারা > রেসিপি

লেবুপাতা দিয়ে রুই মাছের রসা

ফিচার ডেস্ক, ঢাকা 

লেবুপাতা দিয়ে রুই মাছের রসা

রুই মাছ তো প্রায়ই রান্না হয় বাড়িতে। এবার একটু ভিন্ন স্বাদে রেঁধে দেখুন। আপনাদের জন্য লেবুপাতা দিয়ে রুই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

রুই মাছ ৬ টুকরা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া আধা চা-চামচ, লেবুপাতা চার-পাঁচটি, কাঁচা মরিচ ফালি পাঁচ-ছয়টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ।

প্রণালি

কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে নিন। তারপর পানি দিন অল্প করে। আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। তারপর কাঁচা মাছ দিয়ে কড়াই ঢেকে দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। তারপর কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া, ধনেপাতাকুচি দিয়ে হালকাভাবে নেড়ে দিন। সব শেষে লেবুপাতা ছিঁড়ে দিন। সুগন্ধি বের হলে লবণ দেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে লেবুপাতা দিয়ে রুই মাছের রসা।