ছুটির দিনে সাধারণত মাংস রান্না হয়। যদি মাংস খেতে মন না চায়, তাহলে মাছের কোনো ভিন্ন স্বাদের পদ রান্না করতে পারেন। আপনাদের জন্য লেবু পাঙাশের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
দেশি পাঙাশ ৬ টুকরা, দেশি পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, জিরাগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস এক টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি পাঁচ-ছয়টা, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লেবুপাতা ২টি।
পাঙাশ মাছ ধুয়ে লেবুর রস ও লবণ দিয়ে মাখিয়ে আবার ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি সোনালি করে ভেজে অল্প পানি দিন। পরে আদা ও রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া এবং লবণ দিয়ে কষিয়ে নিন। পরে টমেটো, কাঁচা মাছ ঢাকনাসহ পাঁচ মিনিট রান্না করুন। তারপর কাঁচা মরিচ ফালি, লেবুপাতা, লেবুর রস, জিরাগুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এবার লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল লেবু পাঙাশ।