হোম > জীবনধারা > রেসিপি

তৈরি করে ফেলুন মরক্কোর চিকেন তাজিন

ফিচার ডেস্ক, ঢাকা 

মরক্কোর ঐতিহ্যবাহী খাবার চিকেন তাজিন। ছবি: সংগৃহীত

চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের পাত্র তৈরি করেছিল মরক্কোর বারবার বা আমাজিঘ জাতিগোষ্ঠীর মানুষেরা। এতে প্রথম জাফরান, দারুচিনি, আদা ও হলুদের মতো সুগন্ধি মসলার ব্যবহার করে আরবেরা। আর এতে অলিভ অয়েল, সবুজ জলপাই এবং প্রিজার্ভড লেবু সংযোজন করে আন্দালুসিয়ানরা।

চিকেন তাজিন এখন শুধু মরক্কোর জাতীয় খাবারই নয়, বরং এটি তাদের আতিথেয়তা ও সংস্কৃতির অন্যতম প্রতীক, যা শত শত বছর ধরে বিভিন্ন সভ্যতার ইতিহাসকে একটি মাটির পাত্রে ধরে রেখেছে।

আমাদের পরিচিত মাংসের ঝোলের মতোই এটি ভাতের সঙ্গে খাওয়া যায়।

চিকেন তাজিন। ছবি: সংগৃহীত

উপকরণ

হাড়সহ মুরগি ৪টি, শুকনো অ্যাপ্রিকট ১ কাপ, সেদ্ধ ছোলা ১ কাপ, ১টি পেঁয়াজকুচি, ৩ কোয়া রসুনকুচি, টমেটো ১ কাপ, চিকেন স্টক ২ কাপ, মসলা পরিমাণমতো, দারুচিনি ১টি, লেবু ১ টেবিল চামচ, লবণ, গোলমরিচ ও তেল পরিমাণমতো।

প্রণালি

প্রথমে অ্যাপ্রিকট গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। মুরগিতে লবণ ও গোলমরিচ মেখে তেলে দুই পাশ ভালোভাবে বাদামি করে ভেজে তুলে রাখুন। একই প্যানে পেঁয়াজ ও রসুন ভেজে পরিমাণমতো মসলা দিন। এরপর টমেটো, ছোলা, অ্যাপ্রিকট, চিকেন স্টক, লেবু ও দারুচিনি দিয়ে ফুটিয়ে নিন। মুরগি দিয়ে ঢেকে হালকা আঁচে ৫ মিনিট রান্না করুন। এরপর ঢাকনা খুলে আরও ২০ মিনিট রান্না করুন, যতক্ষণ না মুরগি সেদ্ধ ও ঝোল ঘন হয়ে আসে।

মরক্কোয় এই ঐতিহ্যবাহী পাত্রে রান্না হয় চিকেন তাজিন। ছবি: সংগৃহীত

পরিবেশন

চিকেন তাজিন বাসমতী চালের ভাত, সাদা ভাত কিংবা হালকা সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন।

সূত্র: রেসিপি টিন ইটস