হোম > জীবনধারা > রেসিপি

ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো

ফিচার ডেস্ক, ঢাকা 

ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো। ছবি: সংগৃহীত

বাড়িতে অতিথি এলে বা জন্মদিনের আয়োজনে আমাদের দেশে মিষ্টি বা পায়েস খাওয়ানোর চল বেশ পুরোনো। পরিচিত স্বাদের বাইরে নতুন কিছু দিয়ে অতিথিদের চমকে দিতে চাইলে ঘরেই তৈরি করে ফেলতে পারেন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো। চকলেটে দিয়ে তৈরি এই মিষ্টি ব্রাজিলে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় খাবার। দেখতে অনেকটা ছোট মিষ্টির মতো হলেও এর স্বাদে রয়েছে আলাদা আকর্ষণ। অল্প কয়েকটি সহজলভ্য উপকরণেই ঘরে তৈরি করা যায় এই মজার মিষ্টি।

উপকরণ

কনডেনসড মিল্ক ১ ক্যান, চকলেট পাউডার ৩ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ এবং চকলেট স্প্রিংকলস পরিমাণমতো।

প্রণালি

একটি প্যানে কনডেনসড মিল্ক, চকলেট পাউডার ও মাখন দিয়ে হালকা আঁচে রান্না করুন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে, যাতে প্যানে লেগে বা পুড়ে না যায়। মিশ্রণটি প্যানের তলা থেকে আলাদা হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এরপর মিশ্রণটি একটি প্লেটে ঢেলে ঠান্ডা করুন। মিশ্রণটি ঠান্ডা হলে হাতে সামান্য মাখন মেখে অল্প অল্প করে নিয়ে ছোট বল তৈরি করুন। সবশেষে চকলেট বলগুলো চকলেট স্প্রিংকলসে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ব্রিগাদেইরো।

পরিবেশন

ছোট কাগজের কাপ বা প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। জন্মদিন বা যেকোনো অনুষ্ঠানে রঙিন স্প্রিংকলস ব্যবহার করলে ব্রিগাদেইরো দেখতে আরও আকর্ষণীয় লাগবে।

সূত্র: অল রেসিপিস