পৃথিবীর সমস্ত গ্রন্থকে যদি এক পাশে রাখা হয় ও পবিত্র কোরআনকে অন্য পাশে রাখা হয়, তবে নিঃসন্দেহে মর্যাদা, সম্মান ও শ্রেষ্ঠত্বের দিক থেকে কোরআন সবার ঊর্ধ্বে থাকবে। তাই পবিত্র কোরআনের প্রতি সর্বোচ্চ সম্মান, আদব ও শিষ্টাচার প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের মৌলিক ইমানি দায়িত্ব।
ইসলামে যেকোনো সম্মানজনক কাজের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা সুন্নত ও মুস্তাহাব। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সব ভালো কাজের শুরুতে ডান দিক বা ডান হাত ব্যবহার করতে ভালোবাসতেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) পবিত্রতা অর্জন, জুতা পরা, চুল আঁচড়ানো, আহার গ্রহণ এবং জীবনের প্রতিটি সম্মানজনক ও উত্তম কাজে ডান হাত ব্যবহার করতে পছন্দ করতেন। আর শৌচকার্য বা অপবিত্রতা দূর করার কাজে তিনি বাম হাত ব্যবহার করতেন। (সহিহ বুখারি: ১৬৭; সুনানে আবু দাউদ: ৩৩)
প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ইমাম নববি (রহ.) বলেছেন, যেসব কাজে সম্মান ও মর্যাদা প্রকাশ পায়, সেগুলোতে ডান হাত ব্যবহার করা মুস্তাহাব। যেমন—অজু করা, গোসল করা, পোশাক পরা, মসজিদে প্রবেশ করা, মিসওয়াক ও সুরমা ব্যবহার করা ইত্যাদি। এই মূলনীতির আলোকেই পবিত্র কোরআন শরিফ ডান হাতে ধরা অধিক শোভনীয়, মর্যাদাকর ও সুন্নাহসম্মত আদবের অন্তর্ভুক্ত।
তাহলে প্রশ্ন আসতে পারে, বাঁ হাতে কোরআন স্পর্শ করলে কি গুনাহ হবে? ফিকহি নির্দেশনা অনুযায়ী, হাত সম্পূর্ণ পবিত্র থাকা অবস্থায় শুধু বাঁ হাত দিয়ে কোরআন শরিফ স্পর্শ করা বা বহন করা গুনাহের কাজ নয়। বিশেষ কোনো অবস্থা বা অপারগতার কারণে যদি কেউ বাঁ হাতে কোরআন ধরে বা বহন করে, তবে তার কোনো গুনাহ হবে না।
অবশ্য বিশেষ কোনো কারণ ছাড়া সচরাচর বা অভ্যাসবশত বাঁ হাতে কোরআন ধরা কোরআনের শান ও মানের পরিপন্থী একটি কাজ। কারণ, এটি পবিত্র কোরআনের মর্যাদার পূর্ণাঙ্গ অনুসরণের সঙ্গে কিছুটা বেমানান।
মোটকথা, কোরআন শরিফের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সব সময় ডান হাতে কোরআন ধরা ও তা তিলাওয়াত করা সর্বোত্তম। তবে কোনো অপারগতা থাকলে বাঁ হাতে স্পর্শ করায় গুনাহ হবে না, যদিও আদব রক্ষা করে ডান হাত ব্যবহার করাই শ্রেয়।