হোম > ফ্যাক্টচেক

‘পেট্রোলে ভরা ট্যাংক গরমে গাড়ি বিস্ফোরণের কারণ’: সত্যি নয়, গুজব

গাড়ির ট্যাংক পেট্রোলে পরিপূর্ণ থাকার কারণে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করে একটি বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বার্তায় বিস্ফোরণের ঝুঁকি থেকে বাঁচতে গাড়ির ট্যাংক অর্ধেক খালি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

ভারতের তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েলের নামে এমন একটি গ্রাফিক্স কার্ড ফেইসবুকে ভাইরাল হওয়ার পর মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন বলছে, ওই বার্তাসম্বলিত কার্ডটি তাঁদের নয়, আদৌ এমন কোনো বার্তা তারা দেননি। এটি নিছকই একটি গুজব। 

এক ফেসবুক পোস্টে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি বলেছে, গাড়িনির্মাতারা সবদিক বিবেচনা করেই গাড়ির নকশা প্রস্তুত করে থাকে। তাতে গাড়ির কর্মক্ষমতা, পরিবেশ, নিরাপত্তা-সবকিছুই বিবেচনা করা হয়। ফলে গাড়ির প্রস্তুতকারকদের নির্দেশনামতে, শীত বা গ্রীষ্ম-যে কোনো সময়ই যানবাহনের ট্যাংকে পূর্ণ মাত্রায় তেল ভরা সম্পূর্ণ নিরাপদ। 

তবে এই গুজব এবারই প্রথম ছড়ায়নি। এর আগে ২০১৯ সালেও এমন একটি ভুয়া বার্তা ভাইরাল হয়েছিল। তখনও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিবৃতি দিয়ে গুজব খণ্ডন করেছিল। 

দাবি
ফেসবুকে ছড়িয়ে পড়া কার্ডে ইন্ডিয়ান ওয়েল কোম্পানির বরাত দিয়ে লেখা হচ্ছে, ‘সতর্ক করেছে ইন্ডিয়ান ওয়েল, আগামী দিনে তাপমাত্রা বাড়তে চলেছে, তাই সর্বোচ্চ সীমা পর্যন্ত আপনার গাড়িতে পেট্রোল ভরবেন না। এটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটাতে পারে। অনুগ্রহ করে আপনার গাড়ির অর্ধেক জ্বালানি ট্যাংক পূরণ করুন এবং বাতাসের জন্য জায়গা রাখুন। সর্বোচ্চ পেট্রোল ভরার কারণে চলতি সপ্তাহে ৫টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনুগ্রহ করে দিনে একবার পেট্রোল ট্যাংক খুলুন এবং ভেতরে তৈরি গ্যাসটি বেরিয়ে আসতে দিন। দ্রষ্টব্য: আপনার পরিবারের সদস্যদের এবং অন্য সবাইকে এই বার্তাটি পাঠান, যাতে লোকেরা এই দুর্ঘটনা এড়াতে পারে। ধন্যবাদ।’ 

যাচাইয়ের ফল
আজকের পত্রিকার পক্ষ থেকে ইন্ডিয়ান ওয়েল কোম্পানির ওয়েবসাইট ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান চালিয়ে এমন কোনো বার্তা বা কার্ডের অস্তিত্ব মিলেনি। বরং অনুসন্ধানে দেখা যায়, এমন গুজব আগেও দুইবার ছড়ানো হয়। তখন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো খণ্ডন করা হয়। 

ইন্ডিয়ান অয়েল সম্প্রতি টুইটে ও ফেইসবুকে এই গুজবের বিষয়ে সতর্ক করে একটি কার্ড শেয়ার করেছে। তাতে লেখা হয়েছে, সোশাল মিডিয়ায় এই মর্মে গুজব ছড়ানো হচ্ছে যে, তাপমাত্রা বাড়ার কারণে, পূর্ণ মাত্রায় পেট্রোল ভরবেন না। তার ফলে পেট্রোল ট্যাংকে বিস্ফোরণ হতে পারে। আপনি যদি পেট্রোল ভরতে চান, তাহলে অর্ধেক ট্যাঙ্ক ভরুন, যাতে বাকি অংশে হাওয়া থাকতে পারে। ইন্ডিয়ান অয়েল ওই বার্তাটি অস্বীকার করছে এবং বিষয়টি স্পষ্ট করার জন্য ‘আমরা জানাচ্ছি যে, গাড়িনির্মাতারা সব দিক বিচার করেই গাড়ি ডিজাইন করেন। তাতে গাড়ির কর্মক্ষমতা, পরিবেশ, নিরাপত্তা সব কিছুই বিবেচনা করা হয়। পেট্রোল বা ডিজেল গাড়িতে জ্বালানির ট্যাংক তৈরির ক্ষেত্রে এটা প্রযোজ্য। ফলে গাড়ির প্রস্তুতকারকের স্পেসিফিকেশন অনুযায়ী জ্বালানি ট্যাঙ্কে পূর্ণ মাত্রায় তেল ভরা সম্পূর্ণ নিরাপদ, তা সে শীত হোক বা গ্রীষ্ম।’ 

২০১৯ সালের এক ঘটনায় ওই বছর ৩ জুন এবং গতবছরও এমন ভুয়া বার্তাকে খণ্ডন করে বিবৃতি দিয়েছিল ইন্ডিয়ান অয়েল। এবারও কয়েকদিন ধরে এমন বার্তা ছড়াচ্ছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে।

আরও খবর পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই কি পুরস্কারের অর্থ যাবে ইসরায়েলি শিশুদের কাছে

আর্জেন্টিনার জার্সি পরে মেসিকে কি ধন্যবাদ জানিয়েছেন হালান্ড

পরীক্ষার্থীদের আন্দোলনে নিহতের দাবি ও শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডগুলোর সত্যতা কতটুকু

ভুয়া অ্যাকাউন্টের বরাতে নেইমারের কাছে নরওয়ের গোলকিপারের ক্ষমা চাওয়ার খবর গণমাধ্যমে

তুরস্ক ও পাকিস্তানের ভিডিও ছড়িয়ে চট্টগ্রামে বন্যার ভয়াবহতা বলে দাবি

পাকিস্তান থেকে টাঙ্গুয়ার হাওরের দৃশ্য দিয়ে যেভাবে ছড়ানো হলো চট্টগ্রামের বন্যা আতঙ্ক

গলাপানিতে দুই শিশুসন্তানকে বাবার আগলে রাখার ভিডিওটি পুরোনো

‘জাহেলি যুগকেও হার মানায়’ ক্যাপশনে ছড়ানো ভিডিওটি আসামের

২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া—দাবিটি সঠিক নয়

মিসরের কোচের সমর্থনে মরিনহোর নামে প্রচারিত পোস্টটি ভুয়া