পাবনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে দলটির দুই নেতা সারোয়ার আলম তুষার ও সারজিস আলমকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাবনা জেলা বিএনপি।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
পাবনায় জুলাই গণ-অভ্যুত্থানে গুলি করে দুই শিক্ষার্থী হত্যাকারী আবু সাঈদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পাবনা জেলা বিএনপি।
লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও মুখ্য আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগেই অবহিত করা হয়েছিল এবং বিএনপি সহযোগিতামূলক মনোভাবও দেখিয়েছিল। তিনি আরও বলেন, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে পাবনা-৫ আসনের এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। অবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে, তার জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এনসিপির দুই নেতা সারজিস আলম ও সারোয়ার তুষারকে। অন্যথায় পাবনার জনগণ পাবনার যেকোনো সভা-সমাবেশে তাঁদের দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করবে।
এনসিপি নেতাদের বক্তব্যে জামায়াতে ইসলামীর ইন্ধন আছে বলে দাবি করে মাসুদ খন্দকার বলেন, ‘তাদের (এনসিপি) যে ভাষা আর জামায়াতের যে ভাষা, দুই ভাষা প্রায় একই ভাষা। জামায়াত যেভাবে কথা বলে এবং এনসিপি যেভাবে কথা বলে, দুই সংগঠনের কথার মধ্যে আমরা ব্যাপক মিল খুঁজে পাই। সেখানেই তো বোঝা যায় কারও (জামায়াত) ইন্ধন আছে কি নেই। কে কোন সুরে কথা বলছে, এটা জনগণও বুঝতেছে, আমরাও বুঝতেছি।’
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু; পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু; সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার; বর্তমান যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা ও আবু ওবায়দা সেখ তুহিন; জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, বর্তমান জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯ জুলাই পাবনা সফর শেষে ১০ জুলাই নাটোরের পদযাত্রায় সারোয়ার তুষার অভিযোগ করেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতাকে সরাসরি গুলি করে দুই শিক্ষার্থীকে হত্যাকারী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ওরফে সাঈদ চেয়ারম্যানসহ পাবনার আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ ছাড়া একই দিন সারজিস আলম তাঁর ফেসবুক পেজে একই অভিযোগ করে একটি পোস্ট দেন।