পাবনার আটঘরিয়ায় অগ্নিকাণ্ডে একটি তেলের পাম্পসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
তেলের পাম্পের মালিক তোরাব আলী ভূঁইয়া বলেন, ‘আগুনে অনেক বড় ক্ষতি হয়ে গেল। কীভাবে তারা তেল আনলোড করল যে আগুন লেগে গেল। আগুনে আমার অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী স্টেশন অফিসার নুরুল ইসলাম বাবু বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মিনি তেলের পাম্প ও পাশের তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এর বাইরে আরও কয়েকটি দোকান আংশিক পুড়ে গেছে। এতে চার ব্যবসায়ীর অন্তত ৩১ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।’