হোম > সারা দেশ > নীলফামারী

জানালা দিয়ে ফোন ছিনতাই, ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর রেলওয়ে স্টেশন। ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মো. আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের মৃত শফিয়ার রহমানের ছেলে। তিনি দেবীগঞ্জের প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাকের ছেলে সারোয়ার হোসেন সাহেব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকায় কোচিং করছিলেন। গত দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ছেলেকে নিয়ে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক।

ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে জানালার পাশে বসে মোবাইল ব্যবহার করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে নেয় এক ছিনতাইকারী। মোবাইল উদ্ধার করতে আব্দুর রাজ্জাক ট্রেন থেকে নেমে ছিনতাইকারীর পিছু নেন।

এর মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে চিলাহাটির উদ্দেশে চলতে শুরু করে। ছিনতাইকারীর পিছু নিয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে আউট সিগন্যালের কাছে আসলে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন আব্দুর রাজ্জাক। এতে তাঁর মাথা, বাঁ হাত ও বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় রেলওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্দুর রাজ্জাকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

৩৫৮ কোটির পণ্যবাহী লাগেজ ভ্যানে চড়বে যাত্রী

ভারত থেকে আমদানি করা ১৮ রেলকোচের ট্রায়াল রান শুরু, পঞ্চগড়ের পথে যাত্রা

নীলফামারীতে খাঁচাবন্দী ২২ পাখি উদ্ধার করে অবমুক্ত

কীটনাশক চুরি: সৈয়দপুরের ওসিসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

কিশোরগঞ্জ শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও

ভারত থেকে আনা ১৮ রেলকোচের পরীক্ষামূলক চলাচল আগামী সপ্তাহে

দীর্ঘ বিরতির পর আবার পড়াশোনা, ৫২ বছরে শেফালীর এইচএসসি জয়

নীলফামারীতে ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল এখনো সমীক্ষা পর্যায়ে: স্বাস্থ্যের ডিজি

সৈয়দপুরে মাদক কারবারি ও আশ্রয়দাতাদের শাস্তির দাবিতে সমাবেশ

সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার