মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচ বছরের শিশু তোয়াবা ও তার বাবা গোলাপ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহরাব ব্যাপারীর (৬০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে সিরাজদিখান আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
গত শুক্রবার (৩০ অক্টোবর) সোহরাব ব্যাপারীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। সেদিন শুনানি না করে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ২৮ অক্টোবর রাতে সিরাজদিখান উপজেলার পাথরঘাটা এলাকায় শিশু তোয়াবাকে গলা কেটে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় তার বাবা গোলাপ হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং জোরপূর্বক বিষ পান করানো হয় বলে অভিযোগ রয়েছে।
পরদিন ২৯ অক্টোবর উপজেলার রামকৃষ্ণদী গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে তোয়াবার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ হোসেন মারা যান।
ঘটনার দিনই সোহরাব ব্যাপারীকে আটক করে পুলিশ। ওই দিন মধ্যরাতে নিহত গোলাপ হোসেনের বাবা জয়নাল মিয়া সোহরাব ব্যাপারীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা করেন।