খুলনা নগরীর লবণচরা এলাকায় আরিফ সিকদার (২৪) নামের এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা দেড়টার দিকে খুলনার লবণচরা এলাকার রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আহত আরিফ সিকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরের দিকে আরিফসহ আরও দুই যুবক ইকোপার্কের পাশে বসে গল্প করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা ছয়জন সন্ত্রাসী আরিফকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তাঁর বুকের ডান পাশে বিদ্ধ হয়।
এরপর হামলাকারীরা ডান ও বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। তবে কারা ও কী কারণে তাঁর ওপর এ হামলা করেছে, তা স্থানীয় বাসিন্দাদের কেউ বলতে পারেনি। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানতে চাইলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আরিফ খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কে বা কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।