হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১ জন, সবচেয়ে বেশি মিরপুরে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫৩টি মামলা করা হয়েছে। আর সবচেয়ে বেশি ১২৭ জনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগীয় অঞ্চল থেকে ৩৫ জন, লালবাগে ২৩, ওয়ারীতে ৭২, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৫৩ , মিরপুরে ১২৭, গুলশানে ৪২, উত্তরায় ৭০ এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।

অভিযানকালে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২টি গুলি, ৩২ হাজার ১৬১টি ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ১৭টি মোবাইল ফোন সেট, একটি প্রাইভেটকার, একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।