হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে দেয়াল ধসে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে কলেজের সীমানাপ্রাচীর ধসে নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম ফিরোজ (৪১)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

আজ মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে তাঁর স্ত্রী সাহিদা আক্তার মরদেহ শনাক্ত করেন।

নিহত ফিরোজের বাড়ি নওগাঁ সদর উপজেলার খাগুরকড়ি হাতিপুতা গ্রামে। তাঁর বাবার নাম আমজাদ চৌধুরী। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি রাজধানীর মিরপুর-১-এর নবাবেরবাগ এলাকার একটি টিনশেড বাসায় থাকতেন। স্ত্রী সাহিদা আক্তার অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

সাহিদা আক্তার জানান, আজ সকাল ৮টার দিকে স্বামী-স্ত্রী দুজনই নিজ নিজ কর্মস্থলে যান। বিকেলে ফিরোজের বাসায় ফেরার কথা ছিল। তবে দুপুরে বাসায় ফিরে রান্না করার সময় স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তিনি জানতে পারেন, তাঁর স্বামীকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর রাতে ঢামেক হাসপাতালে এসে তিনি স্বামীর মরদেহ শনাক্ত করেন।

নিহত ফিরোজের দীর্ঘদিনের পরিচিত ও একই গ্যারেজের রিকশাচালক শরিফুল ইসলাম জানান, সকালে গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হওয়ার সময় ফিরোজের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তখন ফিরোজ বলেছিলেন, বেলা ৩টা থেকে বিকেল ৪টার মধ্যে গ্যারেজে ফিরবেন। এরপর তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

শরিফুল বলেন, ফিরোজের পরিবার অত্যন্ত অসচ্ছল। প্রায় প্রতিদিনই তিনি মিরপুর কলেজের পেছনের রাস্তায় স্বেচ্ছাসেবীদের দেওয়া দুপুরের খাবার খেতে যেতেন। ধারণা করা হচ্ছে, আজও খাবার নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, জাতীয় পরিচয়পত্র, ছবি ও স্ত্রীর বক্তব্যের ভিত্তিতে নিহত ফিরোজের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁরা হলেন মনোয়ারা খাতুন (৩৮) ও তাঁর ছেলে মোশারফ হোসেন (২০) এবং রাজিয়া বেগম (৪৫)।

চিকিৎসকেরা জানিয়েছেন, মনোয়ারা খাতুনের ডান হাত ও পাঁজরের হাড় ভেঙে গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোশারফ হোসেনের ডান হাত ভেঙেছে এবং রাজিয়া বেগমের মাথায় আঘাত লেগেছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

পলকের শুনানির দিনে স্লোগান: আদালত এলাকা থেকে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত বেড়ে ২

খাবারের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাক লেবেলিং’ স্পষ্ট ও বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৭