হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মিরপুরে ২৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দক্ষিণ পীরেরবাগে ২ হাজার ৫০০টি ইয়াবাসহ গ্রেপ্তার মো. কামরান ওরফে রেজা। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় ২ হাজার ৫০০টি ইয়াবাসহ মো. কামরান ওরফে রেজা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে দক্ষিণ পীরেরবাগের ভাঙ্গাব্রিজসংলগ্ন সাজেদা মোটরসের সামনে একটি পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানা-পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে চালককে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর দেহ ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, রেজা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।