হোম > সারা দেশ > ঢাকা

‘আমিও মরব, তোদেরকেও মারব’ বলে পেট্রল ঢেলে শরীরে আগুন, দগ্ধ ৫

ঢামেক প্রতিবেদক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে দেওয়া আগুনে এক নারীসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরের ৯০ শতাংশ ও একজনের ৬০ শতাংশ দগ্ধ হয়েছেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুর শ্যামবাজার চামাকটুলি এলাকায় ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন—সিদ্দিক ব্যাপারী (৬০), তাঁর ছেলে মো. ইমন (২৬), ভাতিজা রাজিব (৩৮), ভাগনে আরিফুর রহমান ধলু (৩৫) ও ভাগনি তানিয়া আক্তার (২০)।

দগ্ধ আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তার জানান, শ্যামবাজার চামাকটুলিতে তাঁদের পৈতৃক সম্পত্তি রয়েছে। দগ্ধরা সবাই পাশাপাশি থাকেন।

সোনিয়া আরও জানান, গতকাল ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখেন। পরে তানিয়া পানি পরিষ্কার করতে বললে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুলতানা সৌদি আরব প্রবাসী ভাই ইমনকে বিষয়টি জানান। ইমন গতকালই দেশে ফিরেছেন। আজ বিকেলে ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন-‘আমিও মরব, তোদেরকেও মারব’। এই বলে নিজের গায়ে পেট্রল ঢালেন এবং বাকিদের শরীরে পেট্রল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন। এতে সবাই দগ্ধ হন। এরপর সবাইকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, সূত্রাপুর এলাকা থেকে পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে, ইমনের শরীরের ৯০ শতাংশ, তানিয়ার শরীরের ৬০ শতাংশ, সিদ্দিক নামের ওই ব্যক্তির ৩৫ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ ও আরিফের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।