রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে। সেখানে সীমানাপ্রাচীরে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চাপা পড়ে র্যাডিসন ব্লু গার্ডেন হোটেলের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার দায়িত্বরত কর্মকর্তা।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে ঢুকে সীমানাপ্রাচীরে সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসের ধাক্কায় র্যাডিসন ব্লু গার্ডেন হোটেলের এক কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
দুর্ঘটনার কারণ এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।