হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁও কলেজের মসজিদে বৈঠক, নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে আটক ২৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তেজগাঁও কলেজের মসজিদে পুলিশের অভিযান। ছবি: ভিডিও

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের তেজগাঁও থানার হেফাজতে রাখা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়েছে। আমরা সন্দেহ করছি, তাঁরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত।’

আটকদের বিষয়ে যাচাই-বাছাই করতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন বলে জানান তিনি।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো যাবে।’

তবে আটক ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

ডিএমপির তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’