হোম > সারা দেশ > ঢাকা

মাউন্ট এলব্রুসে যাচ্ছেন শাকিল

আজকের পত্রিকা ডেস্ক­

‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ উপলক্ষে অভিযাত্রী শাকিলের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাশিয়াতে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউসে সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ উপলক্ষে অভিযাত্রী শাকিলের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়। এ সময় শাকিল তাঁর অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শাকিল বলেন, ‘আমার জন্য প্রতিটি অভিযানই চ্যালেঞ্জের। এলব্রুসের উচ্চতা নিয়ে চিন্তিত না হলেও, এর আচরণ নিয়ে সাবধান থাকতে হবে। এটা তো সুপ্ত আগ্নেয়গিরি। সে কারণেই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। তবে এলব্রুস চূড়ায় দেশের পতাকা উড়িয়ে ধরতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। সবার দোয়া চাই।’

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিল। এরপর প্রায় ১৫ দিনের অভিযানে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণের চেষ্টা করবেন। অভিযানের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের পতাকা ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে তুলে ধরার লক্ষ্য রয়েছে এই অভিযাত্রীর।

সংবাদ সম্মেলনে রাশিয়ান হাউসের পরিচালক অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ে, অ্যান্টার্কটিকা অভিযাত্রী ও পাখি-বিজ্ঞানী ইনাম আল হক, কিডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম, টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গোরে, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান এবং আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপু উপস্থিত ছিলেন।

অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ে বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ভৌগোলিক দূরত্ব আছে। কিন্তু বন্ধুত্ব ও সম্প্রীতিতে দুই দেশ খুবই নিকটে। বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযানের অংশ হয়েছেন শাকিল। বাংলাদেশের পতাকা নিয়ে তিনি রাশিয়াতে যাচ্ছেন। আশা করি, এলব্রুস চূড়ায় দেশের পতাকা উড়িয়ে তিনি ঢাকায় সুস্থভাবে ফিরে আসবেন।’

মাউন্ট এলব্রুস রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ককেশাস পর্বতমালায় অবস্থিত এই শৃঙ্গের উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার বা ১৮ হাজার ৫১০ ফুট। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। মাউন্ট এলব্রুসকে ইউরেশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি হিসেবেও উল্লেখ করা হয়। পর্বতটি ককেশাস পর্বতমালার সর্বোচ্চ চূড়া।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন এভারেস্ট বিজয়ী নুরুন্নাহার নিম্মি।

এই অভিযান যৌথভাবে আয়োজন করছে রাশিয়ান হাউস ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অভিযানের পৃষ্ঠপোষকতায় রয়েছে টার্কিশ এয়ারলাইনস ও জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন।