চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম (২২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
গতকাল রোববার (১৭ মে) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পল্লিবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মোস্তাকিম কামাল তামিম লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার মো. রাশেদ কামালের ছেলে। মাদ্রাসার ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পল্লিবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাদ্রাসাছাত্র মোস্তাকিম কামাল তামিম অটোরিকশা থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। এর আগেই দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে শুনেছি, ওই মাদ্রাসাছাত্র মারা গেছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।