চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সাততলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির নাম মো. কারিম। আজ বুধবার (৬ মে) বেলা দেড়টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘হাসান টাওয়ার-১’ নামের ভবনে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুনসুর গোমস্তার বাড়ির সৌদিপ্রবাসী মহিনউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি তার ভাইয়ের সঙ্গে বাসার ছাদে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে ভবনের ছাদের পাশে গিয়ে রেলিংয়ে উঠে পড়ে। সেখান থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শিশুর নানা মো. রহমত বলেন, ‘দুপুরে দুই ভাই একসঙ্গে খেলছিল। সবার অজান্তেই তারা বাসার বাইরে চলে যায়। পরে জানতে পারি, ছাদের রেলিং টপকে নিচে পড়ে গেছে। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো যাবে।