গোলের খাতার শুরুর সঙ্গে শেষটাও করেছে বাংলাদেশ। শুধু জেতাই হলো না। তবু নারী হকিতে বাংলাদেশের যাত্রাটা হয়েছে বেশ রোমাঞ্চের মধ্য দিয়ে। এশিয়ান গেমস বাছাইয়ে আজ ১০ গোলের থ্রিলারে চায়নিজ তাইপেকে ৫–৫ ব্যবধানে রুখে দিয়েছে জাহিদ আহমেদ রাজুর দল।
চায়নিজ তাইপে র্যাঙ্কিংয়ের ৫৫তম দল হওয়ায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে নামে আনকোরা বাংলাদেশ। যদিও মাঠের লড়াইয়ে চোখে চোখ রেখে খেলেছে।
জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারেই জমে ওঠে ম্যাচ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় চায়নিজ তাইপে। ১০ মিনিটে আবারও বাংলাদেশকে এগিয়ে যায় অধিনায়ক অর্পিতা পালের গোলে। পেনাল্টি কর্নার থেকেই আসে তা। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৩–১ করেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর শুরু চায়নিজ তাইপের প্রতিরোধ। দ্বিতীয় কোয়ার্টারের ভেতরই ম্যাচে সমতা ফেরায় তারা। তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ৫–৩ গোলেও।
বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। কাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।