জাতীয় ব্যাডমিন্টনের মঞ্চে প্রথমবার সিনিয়র এককের শিরোপা জিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লিকা পোদ্দার। তবে ট্রফি হাতে পাওয়ার মুহূর্তে তাঁর মনে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছিল পরিবারের কথা। আজ ঢাকায় জয়ের পর মোংলায় থাকা মাকে ভিডিও কল করেন ২৪ বছর বয়সী এই শাটলার। কথা বলতে গিয়েই ভেঙে পড়েন কান্নায়। মেয়ের সাফল্যে আবেগ ধরে রাখতে পারেননি মা-ও।
বাগেরহাটের লিকার বেড়ে ওঠা এমন এক পরিবারে, যেখানে সংসার চালাতে নদীতে মাছ ধরেন তাঁর বাবা। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ব্যাডমিন্টন চালিয়ে যাওয়া যে সহজ ছিল না, সেটি জানেন লিকা। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর আনন্দের সঙ্গে তাই মিশেছে মা-বাবার পরিশ্রমের স্বীকৃতি।
পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে গতকাল ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককের ফাইনালে লিকা হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তারকে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে খেলা লিকার জয় এসেছে তিন গেমের লড়াইয়ে। প্রথম গেমে ২২-২০ পয়েন্টে জেতার পর দ্বিতীয় গেমে ১১-২১ ব্যবধানে হেরে যান তিনি। শেষ গেমে ২১-১৮ পয়েন্টে জিতে নিশ্চিত করেন শিরোপা। এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন উর্মি।
প্রথমবার ফাইনালে ওঠাই ছিল বড় অভিজ্ঞতা। শিরোপা জিতবেন, এমন আশা করেননি লিকা। নিজের খেলায় আরও উন্নতি করে পরের প্রতিযোগিতাগুলোতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়াই এখন তাঁর লক্ষ্য। এ জন্য অনুশীলনে আরও মনোযোগী হতে চান তিনি, ‘এই শিরোপা আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। সামনে আরও পরিশ্রম করতে চাই। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে চাই।’
পুরুষ এককের ফাইনাল আর হয়নি। চোটের কারণে বাংলাদেশ আনসারের সিবগাত উল্লাহ খেলতে না পারায় ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার রাজিন আহমেদ।
পুরুষ দ্বৈতে বাংলাদেশ আনসারের মোয়াজ্জেম হোসেন ওহীদুল-শুভ খন্দকার জুটি ২২-২৪, ২১-১৮ ও ২৬-২৪ পয়েন্টে হারিয়েছে সেনাবাহিনীর আল আমিন জুমার-এস এম সিফাত উল্লাহ জুটিকে। নারী দ্বৈতে সেনাবাহিনীর বৃষ্টি খাতুন-এস কে পৃথা ২৩-২১ ও ২১-১৭ পয়েন্টে হারিয়েছেন লিকা-স্মৃতি রাজবংশী জুটিকে। মিশ্র দ্বৈতে আল আমিন জুমার-উর্মি আক্তার জুটি ২১-১৭ ও ২১-১৪ পয়েন্টে হারিয়েছেন তামিম হাসান-এস কে পৃথা জুটিকে।