বিশ্বকাপ প্রস্তুতিতে যুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েন বড় বাধা হয়ে দাঁড়ালেও মেক্সিকোতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা পেয়েছে ইরান। তিজুয়ানায় স্থানীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা যেন কিছুটা হলেও স্বস্তি দিয়েছে টিম মেল্লিকে।
বুধবার তিজুয়ানার হোটেল থেকে বের হওয়ার সময় ইরান খেলোয়াড়দের ঘিরে ধরেন প্রায় ৩০ জন মেক্সিকান সমর্থক। ‘ভামোস ইরান, ভামোস ইরান’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অনেকেই খেলোয়াড়দের অটোগ্রাফ নেওয়ার জন্য অপেক্ষা করেন। যেন তারা নিজেদের জাতীয় দলকেই সমর্থন করছেন।
২৮ বছর বয়সী পিৎজার দোকানের কর্মী হোসে লেইভা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ইরানের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমির অটোগ্রাফের জন্য। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘ইরানের জন্য আমার খারাপ লাগে। আমার মতে, রাজনীতিকে খেলাধুলার সঙ্গে মেশানো উচিত নয়।’
মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপের ওপর পড়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব। ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের আবহে বিশ্বকাপের প্রস্তুতি নিতে হচ্ছে ইরানকে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি অভিবাসন নীতির কারণে একজন শীর্ষ রেফারি, ইরান দলের কয়েকজন কর্মকর্তা এবং কিছু সমর্থক দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে লেইভা বলেন, ‘এটা ভুল...তারা (যুক্তরাষ্ট্র) সবাইকে সন্ত্রাসীর মতো আচরণ করছে।’
নিজেদের সেরা আয়োজক দাবি করে লেইভা আরও যোগ করেন, ‘বিশ্বকাপ শুধু মেক্সিকোতেই হওয়া উচিত ছিল। আমরাই সেরা আয়োজক।’ ফুটবলের প্রতি মেক্সিকানদের ভালোবাসার কথা উল্লেখ করেই এমন মন্তব্য করেন তিনি।
ইরান দলকে স্বাগত জানাতে আসা আইন বিভাগের শিক্ষার্থী লিসা আরাম্বুলাও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেন। ৪০ বছর বয়সী এই সমর্থক বলেন, ‘যুক্তরাষ্ট্র যা করছে, তাতে আমি লজ্জিত। আমরা চাই তারা (ইরান দল) আমাদের সব স্নেহ ও ভালোবাসা অনুভব করুক।’ একই সঙ্গে তাঁর ভাষ্য, মেক্সিকো সব সময় অতিথিদের খোলা হৃদয়ে স্বাগত জানায়।
রাজনৈতিক জটিলতার কারণে ইরানের বিশ্বকাপ প্রস্তুতিও ব্যাহত হয়েছে। অ্যারিজোনায় দলটির অবস্থানসূচি বাতিল হওয়ায় যুক্তরাষ্ট্রে পুয়ের্তো রিকোর বিপক্ষে নির্ধারিত প্রস্তুতি ম্যাচটি আর আয়োজন করা সম্ভব হয়নি। পরে বিকল্প হিসেবে গ্রেনাডা খেলতে রাজি হলেও পর্যাপ্ত প্রস্তুতির অভাব দেখিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত তিজুয়ানার একটি স্থানীয় ক্লাব দ্রুত উদ্যোগ নিয়ে নিজেদের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ইরানের একটি প্রীতি ম্যাচের আয়োজন করে। সেই ম্যাচে ৩-০ গোলের সহজ জয় পায় ইরান।
তবে বিশ্বকাপের আগে এটা ইরানের জন্য যথার্থ প্রস্তুতি বলে মনে করছেন না আরাম্বুলা, ‘ইরানের পরিকল্পনায় থাকা প্রস্তুতির বিকল্প এটি (অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ম্যাচ) হতে পারে না।’