হোম > খেলা > ফুটবল

কেন মিসরের সাংবাদিকের ভোট পাননি মেসি

ক্রীড়া ডেস্ক    

এবার ব্যালন ডি’অর জিততে পারেননি লিওনেল মেসি। ছবি: এএফপি

২০২৬ ব্যালন ডি’অরের ভোটে লিওনেল মেসির সেরা দশের বাইরে থাকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ভোটে অংশ নেওয়া এক সাংবাদিক।

মিসরীয় সাংবাদিক আমর নাগিব ফাহমি জানিয়েছেন, নির্দিষ্ট একটি মানদণ্ডের ভিত্তিতেই তিনি মেসিকে নিজের সেরা দশের তালিকায় রাখেননি। আর সেই মানদণ্ডটি হলো ফেয়ার প্লে বা খেলোয়াড়সুলভ আচরণ। এক্সে এ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। মাহমুদ আবদুল রহমান ফাহমির কাছে তাঁর ভোটের কারণ জানতে চান। সেই সাংবাদিকের তালিকায় প্রথম স্থানে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, দ্বিতীয় স্থানে খাভিচা কাভারেসখেলিয়া এবং এরপর ছিলেন লামিন ইয়ামাল।

মেসিকে ভোট না দেওয়ার ব্যাখ্যায় ফাহমি লেখেন, ‘আমার তালিকায় মেসির না থাকার কারণ ফ্রান্স ফুটবলের নির্ধারিত তৃতীয় মানদণ্ড ফেয়ার প্লে।’ তাঁর অভিযোগ, আর্জেন্টিনার হয়ে খেলার সময় সতীর্থদের কিছু বিতর্কিত আচরণ থামাতে মেসি কখনোই কার্যকর ভূমিকা পালন করেননি। এ ক্ষেত্রে বিশেষভাবে এনসো ফের্নান্দেস ও লেয়ান্দ্রো পারেদেসের নাম উল্লেখ করেন ফাহমি। মিসরের সাংবাদিক বলেন, ‘আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসি কখনোই তাঁর কয়েকজন সতীর্থের ক্ষতিকর খেলার ধরন বন্ধ করতে হস্তক্ষেপ করেননি। বিশেষ করে, এনসো ও পারেদেসের ক্ষেত্রে।’

এ ছাড়া বিশ্বকাপের ফাইনালে মেসি ও স্পেনের মার্ক কুকুরেয়ার মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন ফাহমি। মিসরীয় সাংবাদিকের দাবি, সেই ঘটনায় মেসির আচরণ খেলাধুলার শিষ্টাচার ও সৌজন্যবোধের মানদণ্ড পূরণ করতে পারেনি। ফাহমির এই ব্যাখ্যাকে কেন্দ্র করেই ব্যালন ডি’অর ভোটে মেসিকে উপেক্ষা করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

হ্যাটট্রিকের পরও কেন বাদ রোনালদো

মার্তিনেসকে ধুয়ে দিলেন ব্রিটিশ সাংবাদিক

ভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলার

সাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

পাঁচ কার্ড দেখেও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউ

ভালো নেই বাংলাদেশের সাফজয়ী অধিনায়ক রজনীকান্ত

হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড

দুই চ্যাম্পিয়ন দলের প্রীতি ম্যাচ, প্রতিমন্ত্রী খেলবেন কোন দলে