হোম > খেলা > ফুটবল
ব্যালন ডি’অর

মেসি-রোনালদোরা থাকলেও সর্বকালের সেরাদের তালিকায় কেন নেই ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক    

দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

কীর্তিমানের মৃত্যু নেই—দিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ এলে বহুল প্রচলিত এই প্রবাদ সামনে আসবেই। ২০২০ সালে প্রয়াত ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’, ‘হ্যান্ড অব গড’, বিশ্বকাপ জয়ের কীর্তি নিয়ে এখনো হয় কথাবার্তা। তবে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তির নাম এক তালিকায় নেই। যদিও লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের নাম আছে এখানে।

২৬ অক্টোবর লন্ডনে হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। জনগণের ভোটে বেছে নেওয়া হবে ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়। সর্বকালের ব্যালন ডি’অর জয়ীদের প্রার্থী তালিকায় মেসির সঙ্গে দুই রোনালদো, মার্কো ফন বাস্তেনরা আছেন। কিন্তু নেই ম্যারাডোনা। কারণ, ফ্রান্স ফুটবলের নতুন শর্ত অনুযায়ী প্রার্থী হতে হলে অন্তত দুই বার ব্যালন ডি’অর জিততে হবে। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তি একবারও জেতেননি এই পুরস্কার।

কোন কোন বছরে ম্যারাডোনা ব্যালন ডি’অর জিততে পারতেন?

দিয়েগো আরমান্দো ম্যারাডোনার সেরা সময় ছিল ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে। নিঃসন্দেহে ১৯৮৬ সালে তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারতেন। সে বছর নাপোলি লিগে তৃতীয় স্থান অর্জন করলেও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিততে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ককে টপকে সেবার ব্যালন ডি’অর জিতেছিলেন ইউক্রেনীয় ফুটবলার ইগর বেলানভ।

বেলানভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জাতীয় দলের পাশাপাশি ডায়নামো কিয়েভের হয়ে খেলতেন। তাঁর দল সে বছর ইউরোপিয়ান কাপ উইনার্স কাপও জিতেছিল। ১৯৮৭ সালেও ম্যারাডোনা দারুণ এক মৌসুম কাটিয়েছিলেন। সে বছর তিনি সিরি আ, কোপা ইতালিয়া—দুটি শিরোপাই জিতেছিলেন। তবে ব্যালন ডি’অর জেতেন রুদ খুলিত। তিনি পিএসভি আইন্দহফেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবং দলটি নেদারল্যান্ডসের এরেদিভিসি লিগের শিরোপা জিতেছিল।

১৯৮৮ সালে ব্যালন ডি’অর জেতেন মার্কো ফন বাস্তেন। এসি মিলানের হয়ে সিরি ‘আ’, নেদারল্যান্ডসের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয়—এই দুই সাফল্য তাঁর পুরস্কার জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে বছর ম্যারাডোনা ১৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। নাপোলি লিগে দ্বিতীয় হয়েছিল।

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জেতেন মেসি। এই তালিকায় দুইয়ে থাকা রোনালদো জিতেছেন পাঁচবার। ফন বাস্তেনের মতো তিনবার করে ব্যালন ডি’অর জিতেছেন মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফ। ব্রাজিলের রোনালদো, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার দুইবার করে জেতেন ব্যালন ডি’অর।

সর্বকালের ব্যালন ডি’অর জয়ীদের তালিকায় কারা

আলফ্রেদো দি স্তেফানো (আর্জেন্টিনা/স্পেন)

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)

মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)

ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)

কার্ল-হাইনৎস রুমেনিগে (জার্মানি)

মিশেল প্লাতিনি (ফ্রান্স)

রোনালদো (ব্রাজিল)

কেভিন কিগান (ইংল্যান্ড)

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)

পেনাল্টি মিসের পরও মেসির চেয়ে এগিয়ে রোনালদো

হারের পর পিএসজির বিরুদ্ধে বার্সার অভিযোগ

টানা ১১ ম্যাচ জয়ের পর কোথায় হারল বার্সা

শেষ মুহূর্তের গোলে ফর্টিসের হৃদয় ভাঙল ভারতের গোয়া

বাইসাইকেল কিকের গোলে হোঁচট খেল মোহামেডান, কিংসের জয়

বার্সার ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা পিএসজি সমর্থকদের

এশিয়ান গেমসে ব্যর্থতার পরও সুসংবাদ পেল বাংলাদেশ

রোনালদো কি ক্লাবের মালিক হচ্ছেন

মেসিকে নিয়ে স্মৃতিকাতর সাবেক সতীর্থ

৪২ প্রশ্নে ফিফাকে চাপে ফেলল উয়েফা