হোম > খেলা > ফুটবল

গাইতে পারবে না জাতীয় সংগীত, ওড়াতে পারবে না পতাকা

ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দেশটিতে আপাতত হবে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতেও নিজেদের পতাকা ও জাতীয় সঙ্গীত ছাড়া ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে খেলতে হবে তাদের। 

কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফে সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হতো তারা। 

ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা গত শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের হোম ম্যাচগুলো ওই অঞ্চলের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেয়।
 
এর আগে ফিফা জানিয়েছিল, তারা এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাছাই পর্বের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপই নিল তারা। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে রাশিয়ার ‘হোম ম্যাচে’ স্টেডিয়ামে দর্শকও থাকবে না। 

ইউক্রেনে হামলার পর রাশিয়ায় ম্যাচ আয়োজনের বিপক্ষে একযোগে অবস্থান নেয় পোল্যান্ড, সুইডেন ও চেক প্রজাতন্ত্র। তিন দেশের ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, রাশিয়ার বিপক্ষে খেলবে না তারা। এমনকি সেটা নিরপেক্ষ ভেন্যুতেও নয়। 

এ অবস্থায় ফিফার সিদ্ধান্তকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেসারে কুলেসা। বলেছেন, ‘আমরা এই ম্যাচে অংশ নিতে আগ্রহী নই। আমাদের অবস্থান আগের মতোই। দলের নাম যাই হোক না কেন, পোল্যান্ড ফুটবল দল রাশিয়ার সঙ্গে খেলবে না।’ 

ফিফার সিদ্ধান্তে নিজেদের অসন্তুষ্টির কথা তুলে ধরেছেন সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কার্ল-এরিক নিলসনও। রাশিয়ার বিরুদ্ধে ফিফার আরও কঠোর অবস্থানের আশা করেছিলেন তিনি। 

আগামী জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারীদের ইউরো চ্যাম্পিয়শিপ আসর। সুইডেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়েছে রাশিয়া। ব্রিটিশ সরকার এরই মধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় ইংল্যান্ডে হয়তো রুশ নারীকে ঢুকতেই দেবে না। 

দুই প্রতিবেশী দেশের কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালান। যুদ্ধের মধ্যে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। অন্যদিকে সংকট নিরসনে আলোচনা করতে আজই জরুরি অধিবেশন ডেকেছে জাতিসংঘ। 

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ