হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ দলে থাকলেও দিতে হবে প্রমাণপত্র

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ডিপাই

চলতি ফর্ম কিংবা ম্যাচ ফিটনেস—কোনোটিই ঠিক পক্ষে কথা বলছিল না। গত দুই মাসে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের হয়ে বদলি হিসেবে মাঠে নেমেছেন মাত্র দুবার। তবু মেমফিস ডিপাইয়ের ওপর আস্থা হারাননি নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যান। ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের ডাচ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে স্কোয়াডে জায়গা পেলেও বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী কয়েক সপ্তাহে নিজেকে প্রমাণ করতে হবে ডাচদের ইতিহাসের এই সর্বোচ্চ গোলদাতাকে।

বুধবার নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে কোচ কোম্যান সাফ জানিয়ে দিয়েছেন, অতীতে দলের জন্য কী করেছেন এবং তাঁর কার্যকারিতা কতটা, সেই ভরসাতেই ডিপাইকে দলে রাখা হয়েছে। ১০৮ ম্যাচে ৫৫ গোল করে ডাচ ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল এই স্ট্রাইকারকে নিয়ে কোম্যান বলেন, ‘সে এখনো মাঠে যা দিতে পারে, সেই সামর্থ্যের কথা বিবেচনা করেই আমি মেমফিসকে বেছে নিয়েছি। ওর পজিশনে এই মুহূর্তে বিকল্প কাউকে দেখছি না। ও দলের জন্য বড় সম্পদ হতে পারে, তবে টুর্নামেন্ট শুরুর আগের সময়টা ওকে ভালোভাবে পার করতে হবে।’

ডিপাইয়ের ম্যাচ ফিটনেস নিয়ে ডাচ কোচের কপালে কিছুটা চিন্তার ভাঁজ থাকলেও তিনি আশাবাদী। করিন্থিয়ানসের হয়ে মাঠে পর্যাপ্ত সময় না পেলেও কোম্যান জানিয়েছেন, আর্জেন্টিনার প্লাতেন্সের বিপক্ষে কোপা লিবার্তাদোরেসের ম্যাচে ডিপাই শুরুর একাদশে খেলবেন বলে তাঁকে আশ্বস্ত করেছেন। বিশ্বকাপের আগে আলজেরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। কোম্যান স্পষ্ট করে দিয়েছেন, ‘প্রস্তুতি ম্যাচে ও যদি আমার প্রত্যাশা অনুযায়ী ফিটনেস দেখাতে পারে, তবেই মূল পর্বে শুরুর একাদশে থাকবে। আর তা না হলে ও ব্যাকআপ হিসেবে খেলবে।’

ডিপাইয়ের পাশাপাশি আর্সেনালের ডিফেন্ডার জুরিয়েন টিম্বারকেও দলে রেখেছেন কোম্যান। কুঁচকির চোটের কারণে গত মার্চ থেকে মাঠের বাইরে থাকা টিম্বারেরও এখন ম্যাচ টাইমের প্রয়োজন। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে আর্সেনাল, যেখানে টিম্বারের ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। তিনি যদি শেষ পর্যন্ত পুরোপুরি ফিট হতে না পারেন, তবে ব্যাকআপ হিসেবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে ইয়ান মাটসেন ও লুতশোরেল গেরত্রুইদাকে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এ খেলবে নেদারল্যান্ডস। আগামী ১৪ জুন ডালাসে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডাচদের বিশ্বকাপ অভিযান। তার আগে ডিপাই ও টিম্বারদের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ের দিকেই তাকিয়ে থাকবে পুরো ডাচ শিবির।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল

গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রুফস এবং বার্ট ভারব্রুখেন।

ডিফেন্ডার: নাথান আকে, ডেনজেল ডামফ্রিস, ইয়োরেল হাতো, ইউরিয়েন টিম্বর, ইয়ান পাউল ফান হেকে, ভার্জিল ফান ডাইক এবং মিকি ফান ডে ফেন।

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডে ইয়ং, মার্টেন ডে রুন, রায়ান খ্রাফেনবের্খ, ট্যুন কোপমাইনার্স, তিজানি রাইন্ডার্স, খিউস তিল, কুইন্টেন টিম্বর এবং মাটস ভিফার।

ফরোয়ার্ড: ব্রায়ান ব্রবি, মেমফিস ডেপাই, কোডি খাকপো, জাস্তিন ক্লাইভার্ট, নোয়া লাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল এবং বাউত ভেখহোর্স্ট।

মেয়েদের সাফে আজ মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

এশিয়ান কাপ বাছাইয়ে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে সুলিভান ভাইদের সতীর্থ

ঈদের দিনেও অনুশীলনে জিকো-মোরসালিনরা

ইবোলা প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা, বিশ্বকাপের টিকিটের টাকা ফেরতের দাবি

৫ বিশ্বকাপ খেলা এশিয়ার প্রথম ফুটবলার হতে যাচ্ছেন তিনি

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু আজ, নেইমারকে নিয়ে ধোঁয়াশা

দল ঘোষণার আগে মেসিকে নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

ব্রুকলিন ব্রিজের সামনে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

মরক্কোর বিশ্বকাপ দলে চমক