২০২৬ বিশ্বকাপের ফাইনালটা কেমন হবে? যদি আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়, তবে তার চেয়ে রোমাঞ্চকর আর কী-ই বা হতে পারে! আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস কেবল এমন এক স্বপ্নের ফাইনালের কল্পনাই করেননি, একেবারে ছক কষে জানিয়ে দিলেন শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের যাত্রাপথ। আর তাঁর সেই ভবিষ্যদ্বাণী সত্যি হলে, ফাইনালে চিরশত্রু ব্রাজিলকে পেনাল্টি শুটআউটে হারিয়েই টানা দ্বিতীয়বার বিশ্বজয় করবে আলবিসেলেস্তেরা।
সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্লাটফর্ম জুমেক্সেরর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে অংশ নিয়ে এই রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী করেন মার্তিনেস। যেখানে নকআউট পর্ব থেকে ফাইনাল পর্যন্ত দুই দলেরই সম্ভাব্য প্রতিপক্ষদের লাইনআপ এঁকে দেখিয়েছেন তিনি।
মার্তিনেসের করা রোডম্যাপ অনুযায়ী, ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনাকে পার হতে হবে ইউরোপিয়ান পরাশক্তিদের কঠিন বাধা। লিওনেল স্কালোনির শিষ্যরা শেষ ষোলোর লড়াইয়ে বিদায় করবে স্পেনকে। এরপর কোয়ার্টার ফাইনালে তারা হারাবে ফ্রান্সকে। সেমিফাইনালের বাধা টপকাতে মার্তিনেসদের লড়তে হবে ইংল্যান্ডের বিপক্ষে। কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিল দলের ফাইনালের পথটাও সহজ হবে না। মার্তিনেসের মতে, সেলেসাওরা একে একে জাপান, মেক্সিকো এবং সবশেষে জার্মানিকে বিদায় করে ফাইনালে পা রাখবে।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস কিংবা ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মার্তিনেস। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কোলো মুয়ানির সেই অবিশ্বাস্য গোল সেভ কিংবা পেনাল্টি শুটআউটের মনস্তাত্ত্বিক লড়াইয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও পেনাল্টি ভাগ্যকেই বেছে নিয়েছেন এই আর্জেন্টাইন বাজপাখি। তাঁর অনুমান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে গড়াবে এবং সেখানে ব্রাজিলকে স্তব্ধ করে দিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা।