রুশ সৈন্যদের হামলায় ইউক্রেনে থমকে আছে ফুটবল। সাময়িকভাবে স্থগিত রয়েছে শীর্ষ লিগ। গত জুনে ফুটবলের গভর্নিং বডি ফিফা দেশটিতে নতুন এক নির্দেশনাও জারি করে। যুদ্ধের পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে ইউক্রেনীয় ক্লাবগুলোকে ছেড়ে দিতে হয় বিদেশি খেলোয়াড়দের।
রাশিয়ার হামলার মুখে জীবন বাঁচাতে আগেভাগে চুক্তি শেষ করে ক্লাব ছাড়েন অনেক বিদেশি। তাতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনীয় ক্লাবগুলো। তাদের একটি দেশটির অন্যতম ক্লাব শাখতার দোনেৎস্ক। ট্রান্সফার ফি হারানোর জন্য ফিফার কাছ থেকে এবার তারা ৫০ মিলিয়ন ইউরো (৪৩ মিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ দাবি করেছে। এর জন্য শাখতার দোনেৎস্ক ক্রীড়া আদালতেও আবেদন জানিয়েছে।
ক্লাবটির প্রধান নির্বাহী সের্গেই পালকিন অভিযোগের আঙুলও তুলেছেন ফিফার দিকে। বিবিসি স্পোর্টকে তিনি বলেন, ‘ফিফার অন্যায্য রায়ের বিরুদ্ধে আমাদের এটাই করতে হয়েছে। এর পরিণতির অর্থ, চুক্তি থেকে আমরা গুরুত্বপূর্ণ আয় হারাব।’
শাখতারের স্কোয়াডে ১৪ জন বিদেশি ফুটবলার ছিল। তাদের কয়েকজনকে বিক্রির আয় দিয়ে ক্ষতি পোষণ করার চিন্তা করেছিল ক্লাবটি।
দল বদলের মৌসুমে এখন বেশ মেতে আছে ইউরোপের দেশগুলো। তবে ইউক্রেন নিশ্চুপ। আপাতত তাদের লড়াই করতে হচ্ছে প্রতিবেশী রুশদের বিপক্ষে।