হোম > খেলা > ফুটবল

কথা রেখেছেন রাফায়েল টুডু

আনোয়ার সোহাগ, ঢাকা

রাফায়েল টুডুর গোল উদ্‌যাপন। ছবি: বাফুফে

টিম হোটেল থেকে কুয়েতের আল হামাদ স্টেডিয়ামের উদ্দেশে বের হওয়ার আগেই সতীর্থদের বেশ জোর দিয়ে কথাটা বলেছিলেন রাফায়েল টুডু, ‘কোচ যখনই নামান না কেন, গোল করেই হোটেলে ফিরব।’ সতীর্থদের কেউ কেউ হয়তো ভেবেছিলেন নিছক আত্মবিশ্বাসের জোরে বলছেন, দু-একজন আবার প্রমাণ রাখতে কথাটা রীতিমতো লিখেও রেখেছিলেন!

কয়েক ঘণ্টা পর কুয়েতের মাঠে সত্যিই কথা রাখলেন রাফায়েল। তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজের বিপক্ষে পরশু দ্বিতীয়ার্ধে বদলি নেমে করলেন দুর্দান্ত এক গোল। তাঁর সমতাসূচক সেই গোলেই পথ খুঁজে পেল ফর্টিস এফসি। পরশু ৩-১ ব্যবধানের জয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে গড়ল জয়ের ইতিহাস ফর্টিস।

ম্যাচের ৬৭ মিনিটে রাফায়েলের সমতা ফেরানো গোলটি ছিল উপস্থিত বুদ্ধির প্রদর্শনী। পা ওমর বাবুর পাস পেয়ে বক্সের ভেতর প্রথম ছোঁয়াতেই শট নিতে চেয়েছিলেন। কিন্তু বুটের স্পাইকে লেগে বল ঠিকমতো সংযোগ হলো না, শরীর চলে গেল ব্যাকফুটে। রাফায়েল দেখলেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেই প্রতিপক্ষের ডিফেন্ডার শট ব্লক করে দেবেন। মুহূর্তের সিদ্ধান্তে নিলেন ব্যাকহিল করার। সেই ব্যাকহিলে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়াল জালে। সেই মুহূর্তটির কথা স্মরণ করে আজকের পত্রিকাকে রাফায়েল বলেন, ‘টানা দুই ম্যাচে দুই গোল করতে পেরেছি, অনুভূতি সত্যিই অসাধারণ। তবে তার চেয়েও বড় আনন্দ, এএফসি চ্যালেঞ্জ লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের ক্লাব প্রথম জয় পেয়েছে।’

রাফায়েল চাইলে নিজের নামের পাশে জোড়া গোলও লেখাতে পারতেন। শেষ গেল করা শুকি ইতোফুসার নেওয়া শটটি যখন ধীরে ধীরে গোললাইনের দিকে যাচ্ছিল, রাফায়েলের সামনে সুযোগ ছিল পা ছুঁইয়ে গোলটি নিজের করে নেওয়ার। কিন্তু বাইরে থেকে সতীর্থরা বলছিলেন না ছুঁতে, রাফায়েল নিজেও বল স্পর্শ করলেন না। নিজের লোভ সামলে সতীর্থকে গোল উপহার দেওয়ার এই মানসিকতা মুগ্ধ করেছে ফর্টিস কোচকেও। রাফায়েলের কণ্ঠে ঝরল নিস্বার্থ তৃপ্তি, ‘আমার নিজের গোল তো আগেই হয়ে গিয়েছিল। চেয়েছিলাম ওর নামের পাশেও একটি আন্তর্জাতিক গোল যুক্ত হোক। কোচও ড্রেসিংরুমে আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রশংসা করেছেন।’

অথচ এই টুর্নামেন্টের প্লে-অফ পর্বে ঢাকায় মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলার সুযোগই পাননি রাফায়েল। সেখান থেকে ভেতরে ভেতরে একটা জেদ চেপে বসেছিল। প্রথম লক্ষ্য ঠিক করেছিলেন নিজেকে ফিট রেখে ২৩ জনের মূল স্কোয়াডে জায়গা করে নেওয়া, যাতে অন্তত বিদেশের মাটিতে যাওয়ার সুযোগ মেলে।

টানা দুই ম্যাচে দুই গোল করলেও আগের ম্যাচে ভারতের এফসি গোয়ার বিপক্ষে হারের ক্ষতটা এখনো পোড়ায় ২৫ বছর বয়সী রাফায়েলকে। ওই ম্যাচেও বদলি নেমে সমতা ফিরিয়েছিলেন, কিন্তু শেষ ১০ মিনিটে গোল হজম করে ২-১ ব্যবধানে হারতে হয় ফর্টিসকে। রাফায়েলের কণ্ঠে তাই আক্ষেপ, ‘ওই ম্যাচে নিজের গোলের চেয়ে ম্যাচ যদি ড্র হতো, তবে অনেক বেশি আনন্দ পেতাম। ম্যাচটা ড্র করতে পারলে হয়তো ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের লড়াইয়ে আমরা টিকে থাকতাম।’

ঘরোয়া ফুটবল থেকে আন্তর্জাতিক মঞ্চ; সবখানেই বদলি নেমে গোল করায় নামের পাশে জুটে গেছে ‘সুপার সাব’ তকমা। ফুটবল লিগে এবারের ৩ ম্যাচে মাত্র ২১ মিনিট খেলে ২ গোল আছে। তবে এই তকমায় আটকে থাকতে চান না রাফায়েল। শুরুর একাদশে নিয়মিত হয়ে ঘরোয়া লিগে গোলের ধারা অব্যাহত রাখাই এখন তাঁর পাখির চোখ। আর সেই পারফরম্যান্স দিয়েই খুলতে চান দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা জাতীয় দলের দরজা, ‘জাতীয় দলের হয়ে খেলা পরের বিষয়, আগে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়াটাই বড়। সেই অপেক্ষায় আছি। সামনে লিগের অনেক ম্যাচ বাকি। পারফরম্যান্স আর গোল দিয়ে নজর কাড়তে চাই, যাতে জাতীয় দলের দরজা খোলে।’

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাঁওতাল অধ্যুষিত গ্রাম আমতলীপাড়া থেকে রাফায়েলের উঠে আসা সংগ্রামমুখর এক গল্প। বর্গাচাষি পরিবারে যেখানে ফুটবল খেলাই ছিল বিলাসিতা, সেখান থেকে মাত্র ৭০০ টাকা পকেটে নিয়ে ঢাকায় এসেছিলেন। শুরুতে গোলকিপার হিসেবে খেললেও এখন তিনি স্ট্রাইকার। সেটাও এশিয়ার মঞ্চে গোল করা স্ট্রাইকার।

এল ক্লাসিকোতে কে জিতবে

মেসির জাদুতেও রক্ষা হলো না মায়ামির

বাংলাদেশ দল থেকে পদত্যাগ করেছেন হাসান আল মামুন

পুলিশের ঘাড়ে মোহামেডানের নিশ্বাস

এল ক্লাসিকোর আগে মরিনিওকে সতর্কবার্তা

সাফে বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি

ফুটবল ইতিহাসে কীভাবে স্মরণীয় হয়ে থাকতে চান মেসি

বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে মেসির নতুন ইতিহাস

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো