হোম > খেলা > ফুটবল

‘আমরা এখানে বলির পাঁঠা হতে আসিনি’, চীনকে চমকে দিয়ে বাংলাদেশ কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ কোচ পিটার বাটলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হেরেছে, এমনটা অনুমিত ছিলই বলা যায়। কিন্তু হারের ব্যবধানটা চমকে দেওয়ার মতো। নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র দুই গোল হজম করেছে পিটার বাটলারের দল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও সম্ভাবনা জাগিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের বেশি সময় চীনকে গোল করার কোনো সুযোগই দেয়নি।

ঋতুপর্ণা–মারিয়াদের এমন লড়াই যেন পুরো বিশ্বের প্রতি এক বার্তা। যেখানে ভাবা হয়েছিল বাংলাদেশ বড় ব্যবধানে হারবে, সেখানে তাঁরা ঘটিয়েছেন আত্মবিশ্বাসের বিস্ফোরণ। কোচ পিটার বাটলারও জানালেন এটাই দলের পরিচিতি। তাঁর দল এখানে বলির পাঠা হতে আসেনি।

সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে আজ ২-০ গোলে হারের পরও বাটলার তাই মেয়েদের নিয়ে গর্বিত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হচ্ছিল তারা ম্যাচটি একতরফা করে ফেলবে, কিন্তু আমরা লড়াই ছাড়িনি। ম্যাচের আগে মেয়েদের বলেছিলাম নিজেদের সেরাটা দিতে—আমি জানি তারা কী করতে সক্ষম। আমরা এখানে ‘বলির পাঁঠা’ হতে আসিনি। আমি সেভাবে কোচিং করাই না, আর আমার দলও সেভাবে খেলুক তা চাই না। আমার মনে হয় মেয়েরা আজ দুর্দান্ত খেলেছে। মানসম্পন্ন খেলোয়াড় আর শক্তিশালী বেঞ্চের একটি অসাধারণ দলের বিপক্ষে দারুণ প্রচেষ্টা ছিল এটি।’

হারের ব্যবধান যেমনই হোক না কেন, প্রথমার্ধের ৪০ মিনিটের বেশি সময় চীনকে গোলবঞ্চিত রাখা তৃপ্তি দিচ্ছে বাটলারকে। বাংলাদেশ কোচ বলেন, ‘আমি মেয়েদের নিয়ে আনন্দিত। প্রায় ৪০ মিনিট পর্যন্ত আমরা তাদের আটকে রেখেছিলাম, তারপর কিছুটা মনোযোগ হারিয়ে ফেলায় পরিস্থিতি বদলে যায়। কিছু নেতিবাচক মানুষ হয়তো বলবে আমরা হেরেছি, গোলসংখ্যা এমন হতে পারতো বা তেমন হতে পারতো। কিন্তু আমি মেয়েদের অবদানে খুশি। তারা নিজেদের গর্বিত করার মতো পারফর্ম করেছে।’

ঋতুপর্ণাদের উঁচু পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে বলে মনে করেন বাটলার, ‘চীনা সমর্থকরা আজ আমাদের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল। হার কখনো জয় নয়। তবে আমি এই মেয়েদের কোচ হতে পেরে গর্বিত। তারা স্থানীয়ভাবে খেলছে, তবে আমি জানি তাদের অনেকেরই অনেক উঁচু পর্যায়ে খেলার ক্ষমতা আছে। আমি তাদের বলেছি এই মঞ্চকে কাজে লাগিয়ে বিশ্বকে দেখিয়ে দাও বাংলাদেশে কতটা প্রতিভা আছে। এখানে প্রচুর প্রতিভা আছে, শুধু সুযোগ দরকার।’

‘এটাই হতো আমার জীবনের সেরা গোল’, ঋতুপর্ণার আফসোস

ইরান কি যুক্তরাষ্ট্রে যাবে

বান্ধবী আর বিমান নিয়ে সৌদি আরব থেকে রোনালদোর পালানোর গুঞ্জন

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি

এশিয়ান কাপ খেলতে গিয়ে বিপাকে ভারত

হেরেও চ্যাম্পিয়ন চীনের কুর্নিশ পেল বাংলাদেশ

দারুণ খেলেও শেষের ভুলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

গেতাফের কাছে হারের পর তোপের মুখে রিয়াল কোচ

এশিয়ান কাপে ইতিহাস গড়ার আগে বাংলাদেশ একাদশে চমক

চীনের বিপক্ষে অলৌকিক কিছুর আশায় বাংলাদেশ