ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যেন নাজমুল হোসেন শান্তর যেন ভালোই জানা। শূন্য রানে আউট হওয়ার পর টানা দুই ম্যাচে ফিফটি করেছেন তিনি। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে চাপ সামলে দুর্দান্ত ব্যাটিং করছেন। তাঁর সঙ্গী লিটন দাসও সাবলীলভাবে খেলছেন।
টানা তিন ম্যাচে টস জয়ী নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম আজ তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এক উইলিয়াম ও’রুর্ককে সামলাতেই হিমশিম খাচ্ছিলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। সাইফ হাসানকে রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন তিনি। ও’রুর্ক এরপর দুই বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে বোল্ড করেছেন। তামিম ১ রান করতে পেরেছেন। আর সৌম্য ২৬ বলে ১৮ রান করে বাজে এক শটে উইকেট উপহার দিয়েছেন।
টপ অর্ডারের তিন ব্যাটারের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৮.৩ ওভারে ৩ উইকেটে ৩২ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন। শুরুর চাপ সামলে শান্ত-লিটন সাবধানী ব্যাটিং করতে থাকেন। এতটাই দেখেশুনে তাঁরা খেলছিলেন যে ১৯ ওভার পর্যন্ত বাংলাদেশের রানরেট ৪ স্পর্শ করেনি (৩ উইকেটে ৭৪ রান)। ধীরে ধীরে শান্ত-লিটন হাত খুলে খেলতে থাকেন। বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করেছেন তাঁরা।
চতুর্থ উইকেটে লিটন-শান্তর জুটিতে এরই মধ্যে ১০০ পেরিয়ে গেছে। ১৩৫ বলে ১০৭ রানের জুটি গড়েছেন তাঁরা। জুটি গড়ার পথে ৭০ বলে ১২তম ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৩ উইকেটে ১৩৯ রান করেছে বাংলাদেশ। লিটন ৪৭ রানে ব্যাটিং করেছেন। ৬৮ বলের ইনিংসে মেরেছেন ২ চার। শান্ত ৮৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৮ রানে অপরাজিত।