ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে ছয় দলের এই প্রতিযোগিতা। ৩১ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর।
অ্যাকমি ও ফরচুনের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৫ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে বরিশালে খেলতে নামবে দুই দল। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও থাকছে টুর্নামেন্টের ভেন্যু হিসেবে।
অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার এই ছয় ফ্র্যাঞ্চাইজি শিরোপার লড়াইয়ে অংশ নেবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। এরপর ২৭ ডিসেম্বর শুরু হবে প্লে অফ।
প্লে অফের প্রথম দিন সকাল ১১টায় এলিমিনেটরে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল। একই দিন বিকেল সাড়ে ৩টায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে তালিকার শীর্ষ দুই দল।
২৯ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল ও এলিমিনেটরে জয়ী দল। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে উঠবে। ৩১ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে শিরোপার লড়াইয়ে নামবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল।
প্লে অফ ও ফাইনালের সব ম্যাচ হবে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে। কোনো কারণে নির্ধারিত দিনে ফাইনাল আয়োজন সম্ভব না হলে ২০২৭ সালের ১ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।