হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

৪ উইকেটে জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ছবি: এসিবি

আল আমেরাত গ্রাউন্ডে আজ চতুর্থ ওয়ানডেতে জিতলেই সিরিজ বাংলাদেশের। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেই সম্ভাবনাও তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ হাসি হেসেছে আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ হয়েছে ড্র।

প্রথম দুই ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে বাংলাদেশ। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে জেতে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে জিতে ঘুরে দাঁড়ায় আফগানরা। আজ আল আমেরাত গ্রাউন্ডে চতুর্থ ওয়ানডেতে ৪ উইকেটে জিতে ২-২ সমতায় সিরিজ ড্র করে আফগানিস্তান।

২২০ রানের লক্ষ্যে নেমে ১০.৫ ওভারে ২ উইকেটে ৩৫ রানে পরিণত হয় আফগানিস্তান। আব্দুল্লাহ নাদারজানকে (৮) ফিরিয়েছেন আল আমিন হোসেন। আরেক আফগান ওপেনার ফরিদুল্লাহ ইহসাসকে (১৬) বোল্ড করেন ফারহান সাদিক।

তৃতীয় উইকেটে সুবাহ জাখাইল-নোমান সালারজাই ৪৭ রানের জুটি গড়েন। ২২তম ওভারের শেষ বলে সালারজাইকে (২৪) বোল্ড করে জুটি ভাঙেন রবিউল হাসান অনিক। ২২ ওভারে ৩ উইকেটে ৮৬ রান থেকে কিছুক্ষণের মধ্যে আফগানিস্তান ৩৮.৩ ওভারে ৫ উইকেটে ১৬২ রানে পরিণত হয়।

হাতে ৫ উইকেট নিয়ে শেষ ৬৯ বলে যখন আফগানদের প্রয়োজন ৫৮ রান, তখন কিছুটা হলেও সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশের। তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক সোহেল খান ও তাহির সারওয়ারীর ৫৪ রানের জুটিতে আফগানরা পৌঁছে যায় জয়ের বন্দরে। সোহেল ১৮ রান করে আউট হলেও সারওয়ারী আফগানদের জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৪৯তম ওভারের প্রথম বলে অনিককে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন সারওয়ারী।

৭৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সারওয়ারী। আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। বাংলাদেশের আল আমিন হোসেন পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শাকিল খান, ফারহান সাদিক, অনিক ও আলী রাফি।

আল আমেরাতে চতুর্থ ওয়ানডেতে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে করে ২১৯ রান। অধিনায়ক ফরিদ হাসানের ৮২ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। আফগানিস্তানের সোহেল, আমির হামজা তিনটি করে উইকেট নিয়েছেন।

‘রানার এবারও না খেলা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা’

১১ বোলার ব্যবহার করেও কাজ হয়নি বিসিবি একাদশের

ফেরার পর আবার কেন বাদ সৌম্য, প্রধান নির্বাচকের ব্যাখ্যা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায়

বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানে

কপাল খুলছে ১৫ বছরের সূর্যবংশীর

প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

এর কোনো মূল্য নেই, রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির পর ব্রুক

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন