হোম > খেলা > ক্রিকেট

১২ বছর পর ইংল্যান্ডে ফিরে নতুন ভূমিকায় পিটারসেন

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ডের মেন্টর এখন কেভিন পিটারসেন। ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের কোচিং সেটাপে যুক্ত হলেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের মেন্টর হলেন পিটারসেন। ১২ বছর পর ইংলিশদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পুনরায় ফিরলেন আলোচিত এই ক্রিকেটার।

২০১৪ সালে সবশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন পিটারসেন। ১২ বছর পর নতুন দায়িত্বে ফিরেছেন তিনি।ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এক বিবৃতিতে পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। সাদা বলের বিশেষজ্ঞ মেন্টর পদে নিযুক্ত সাবেক এই ক্রিকেটার এবার প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের কোচিং সেটআপে কাজ করবেন। মার্কাস ট্রেসকোথিক, টিম সাউদি, সারা টেলর এবং জিতেন প্যাটেলও থাকছেন পিটারসেনের সঙ্গে।

ইসিবিতে আগে কখনোই কোচ বা মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেননি পিটারসেন। সাদা বলের মেন্টর হিসেবে নিয়োগ পেয়ে এবারই প্রথমবারের মতো ইসিবির কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন তিনি। ইসিবির এক বার্তায় তিনি বলেন, ‘আমাদের সাদা বলের ক্রিকেটাররা অবিশ্বাস্য পারফর্মার। অনেক প্রতিভা রয়েছে এই দলে। এই ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ব্রেন্ডনের থিঙ্ক ট্যাঙ্কের অংশ হতে পারাটা দারুণ এক সুযোগ।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সফর দিয়ে মেন্টর হিসেবে প্রথম দায়িত্ব শুরু হবে পিটারসেনের। পার্থে আগামী ১৩ নভেম্বরে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হোবার্টে শেষ ওয়ানডে হবে ১৮ নভেম্বর। এরপর দল দুটি সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়া সফরের পর দক্ষিণ আফ্রিকা সফরেও ইংল্যান্ড দলের সঙ্গে থাকবেন পিটারসেন। অ্যাওয়ে সিরিজ শেষে হোম সিরিজের দায়িত্ব শুরু হবে তাঁর। ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী এক বছর মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলটা তৈরি করবেন তিনি।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে-নামিবিয়ার যৌথ আয়োজনে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই দক্ষিণ আফ্রিকা পিটারসেনের জন্মভূমি। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ড নিজেদের মাঠে জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ। জন্মভূমিতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জিতে সেটা স্মরণীয় করতে চান তিনি। ইংল্যান্ডের সাবেক ব্যাটার বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের এই যাত্রায় দলকে সাহায্য করতে পারব ভেবে অত্যন্ত গর্বিত। ২০১৪ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের জার্সি পরাটা সম্মানের ব্যাপার। অত্যন্ত বিশেষ এক মুহূর্ত।’

২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট, ১৩৬ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন পিটারসেন। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭৭ ম্যাচে ৪৪.০৭ গড়ে করেছেন ১৩৭৯৭ রান। ৩২ সেঞ্চুরি ও ৬৭ ফিফটি করেছেন ‘সুইচ হিট স্পেশালিস্ট’ নামে পরিচিত এই ক্রিকেটার। এদিকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ধুঁকছে ইংল্যান্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ—সাদা বলের এই চার ইভেন্টের কোনোটিতেই ইংলিশরা ফাইনালে উঠতে পারেনি।