সিরিজ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। সিলেটে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার আগের চেয়ে বেশি রান স্কোরবোর্ডে যোগ করেছে লঙ্কানরা। রান তাড়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।
গত পরশু প্রথম টি-টোয়েন্টিতে ২৬ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। আজ সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতত বাংলাদেশ। কিন্তু ২১ রানে হেরে যাওয়ায় এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
১৫৫ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৩৮ বলে গড়েন ৪৬ রানের জুটি। সপ্তম ওভারের দ্বিতীয় বলে দিলারাকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন কাভিশা দিলহারি। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শারমিন আক্তার সুপ্তা। কিন্তু তাঁর সতীর্থরা সেভাবে সমর্থন দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানে আটকে যায় বাংলাদেশ। তিন নম্বরে নামা শারমিনের ৪৭ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।
শ্রীলঙ্কার স্পিনার দিলহারি ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। তিনিই হয়েছেন ম্যাচসেরার পুরস্কার। বাংলাদেশের অধিনায়ক জ্যোতি (৭), সোবহানা মোস্তারি (০) ও জুয়ারিয়া (২৯) হয়েছেন রানআউট। আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান করে শ্রীলঙ্কা। হারশিতা সামারাবিক্রমা ২৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন। বাংলাদেশের ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি একটি করে উইকেট পেয়েছেন।
টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি বাংলাদেশ নারী ক্রিকেট দল করেছিল শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২৩ সালের ৯ মে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) লঙ্কানদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজ জিতলে সিরিজে ফেরার পাশাপাশি রেকর্ডটা নতুন করে লিখত বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা হেরে সিরিজ খুইয়ে ফেলল বাংলাদেশ। ২ মে নিয়মরক্ষার ম্যাচে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।