হোম > জীবনধারা > রেসিপি

পায়েসের স্বাদে পেরুর ছোঁয়া

ফিচার ডেস্ক, ঢাকা 

আমাদের পায়েস আর পেরুর কিনোয়া কন লেচে প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। ছবি: সংগৃহীত

পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা সভ্যতার অন্যতম প্রধান খাদ্য ছিল। সেই ঐতিহ্যবাহী উপাদান দুধ ও মসলার সঙ্গে মিশে পেয়েছে মিষ্টি রূপ। সকালের নাশতা বা বিকেলের স্ন্যাকস বা রাতের খাবারের ডেজার্ট হিসেবে ঘরেই বানিয়ে ফেলতে পারেন খাবারটি।

উপকরণ

১ কাপ সাদা কিনোয়া, ২ থেকে ৩টি দারুচিনির স্টিক, ৩টি লবঙ্গ, ১ থেকে ২টি স্টার অ্যানিস, ১ কাপ পানি, ২ কাপ নারকেলের দুধ, ব্রাউন সুগার পরিমাণমতো, দারুচিনিগুঁড়া পরিমাণমতো, ১ চা-চামচ ভ্যানিলা এবং ১ কাপ দুধ।

পেরুর কিনোয়া কন লেচে। ছবি: সংগৃহীত

প্রণালি

প্রথমে কিনোয়া ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি প্যানে দারুচিনি, লবঙ্গ ও স্টার অ্যানিস হালকা ভেজে নিয়ে নারকেলের দুধ ও পানি দিন। ৭ থেকে ১০ মিনিট হালকা আঁচে ফুটিয়ে মসলা থেকে সুগন্ধ বের করে নিন। এরপর মসলাগুলো তুলে ধুয়ে রাখা কিনোয়া দিয়ে প্রায় ১৫ মিনিট রান্না করুন। কিনোয়া নরম হয়ে বেশির ভাগ তরল শুষে নিলে আঁচ কমিয়ে ব্রাউন সুগার, দারুচিনিগুঁড়া ও ভ্যানিলা মেশান। ধীরে ধীরে দুধ ঢেলে নেড়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা বন্ধ করে আরও কিছুক্ষণ নেড়ে নিন। প্রয়োজন হলে সামান্য দুধ যোগ করে পছন্দমতো ঘন করে নিতে পারেন।

পরিবেশন

কিনোয়া কন লেচে গরম অবস্থায় যেমন পরিবেশন করা যায়, তেমনি ফ্রিজে রেখে ঠান্ডা করেও খাওয়া যায়। ওপর থেকে সামান্য দারুচিনিগুঁড়া, বাদাম বা তাজা ফল ছড়িয়ে দিন।

সূত্র: ইট পেরু