বাজারে পাকা আম উঠেছে। গরমে আরাম পেতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন পাকা আমের কুলফি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
গুঁড়ো দুধ ১ কাপ, পাকা আম ৩টা, চিনি ১ কাপ, পেস্তাবাদাম আধা কাপ, গোলাপজল আধা চা-চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, জাফরান বা হলুদ রং সামান্য, পানি ২ কাপ, জেলেটিন ১ চা–চামচ।
আধা কাপ গরম পানিতে জেলেটিন গুলিয়ে নিন। এবার ২ কাপ পানি, গুঁড়ো দুধ, চিনি, পেস্তাবাদাম, কিশমিশ ও পাকা আম দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরে জাফরান বা হলুদ রং, গোলাপজল আর জেলেটিন গোলানো পানি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। পরে কুলফির ছাঁচে দুধ ঢেলে ডিপ ফ্রিজে জমাতে হবে। কুলফির ছাঁচ পানির মধ্যে ডুবিয়ে নিলে সহজে বের করা যাবে। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পাকা আমের হলুদ কুলফি।